২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অযোধ্যা যাত্রা : বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ নেতা গ্রেপ্তার

ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবীতে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) ১৯ দিনব্যাপী ‘চৌরাশি কোশি’ যাত্রা কর্মসূচী শুরুর প্রক্কালে পরিষদের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 01:55 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

সাম্প্রদায়িক উস্কানি তৈরি করতে পারে এমন আশঙ্কায় ভিএইচপি’র এই কর্মসুচী নিষিদ্ধ করেছে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি সরকার।

রোববার সকাল সাড়ে নয়টায় অযোধ্যার সার্যু নদীর ঘাটে পুজা দেওয়ার মাধ্যমে ৩শ’ কিলোমিটারের এই যাত্রাটি শুরু করার পরিকল্পনা করেছিল ভিএইচপি, জানিযেছে এনডিটিভি।

নিষেধাজ্ঞা সত্ত্বেও কর্মসূচীটি চালিয়ে যাওয়ার বিষয়ে অটল ছিল সংগঠনটি।

অযোধ্যা থেকে শুরু হয়ে উত্তর প্রদেশের ছয় জেলা ঘুরে আবার অযোধ্যায় এসে শেষ হওয়ার কথা ১৯ দিনের এই ধর্মীয় কর্মসূচী। তবে কেউ কেউ এটাকে ‘ধর্মীয়’ না বলে ‘রাজনৈতিক’ কর্মসূচী বলে অভিহিত করেছেন।

উত্তর প্রদেশের যে ছয়টি জেলার মধ্য দিয়ে ‘চৌরাশি কোশি’ যাওয়ার কথা সেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যাক মুসলিম জনগোষ্ঠি বসবাস করে।

রোববার সকালে যাত্রা শুরুর লক্ষ্যে সার্যু নদীর পাড়ে পুজার উদ্যেগ নেওয়ার সময় ভিএইচপির অন্যতম জ্যেষ্ঠ নেতা প্রাভিন তোগাদিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এর কয়েক মিনিট পরই লক্ষ্ণৌ বিমানবন্দর থেকে ভিএইচপি’র আন্তর্জাতিক সভাপতি অশোক সিঙ্গালকে গ্রেপ্তার করা হয়। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই সিঙ্গালকে গ্রেপ্তার করা হয়।

নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একই নদীর পাড় থেকে বিজেপির এমপি রাম বিলাস বেদান্তিকে গ্রেপ্তার করে পুলিশ। নিষেধাজ্ঞা সত্ত্বেও যাত্রা শুরু করার হুঁমকি দিয়েছিলেন তিনি।

এই কর্মসূচী ঠেকাতে সাবেক এমপিসহ ভিএইচপির প্রায় ৫শ’ সদস্যকে আটক করা হয়েছে। উত্তর প্রদেশের বিভিন্ন শহর থেকে ‘যাত্রা’য় যোগ দেয়ার উদ্দেশ্যে আসার সময় তাদের আটক করা হয়।

এই কর্মসূচী ঠেকাতে ও সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় অযোধ্যা ও ছয় কিলোমিটার দূরের শহর ফৈজাবাদে ৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এই দুটি শহরে প্রবেশের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভিএইচপির এমনই একটি কমসূচীর চলাকালে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেয় পরিষদের মৌলবাদী সদস্যরা।

যাত্রা থেকে গ্রেপ্তারকৃতদের রাখার জন্য ফৈজাবাদের ১০টি স্কুলকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে উত্তর প্রদেশে প্রশাসন।

শনিবার ভিএইচপির এই কর্মসূচীতে সমর্থন জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। যাত্রা নিষিদ্ধ করে “বাড়াবাড়ি” করছে বলে উত্তর প্রদেশ সরকারের সমালোচনা করেছে বিজেপি।

সারাদেশ থেকে ভিএইচপির ৫ হাজার সদস্য যাত্রায় যোগ দিতে আসবে আর তারা সবাই গ্রেপ্তারের জন্য প্রস্তুত আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে চরম ডানপন্থী সংগঠনটি।

এর আগে যাত্রার উপর প্রাদেশিক সরকারের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে এলাহাবাদ উচ্চ আদালতের লক্ষ্ণৌ বেঞ্চে দায়ের করা একটি পিটিশন খারিজ করে দেয় আদালত।