২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ২৫

ইরাকের রাজধানী বাগদাদের একটি জনপ্রিয় পার্কের কাছের এক ক্যাফেতে আত্মঘাতী হামলাকারীর হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

পুলিশ ও হাসপাতালসূত্রে শনিবার এ খবর জানা গেছে।

এই স্থানটি বাগদাদের মানুষের কাছে বেড়ানোর জন্য অত্যন্ত জনপ্রিয়। শহরটির মানুষেরা তাদের পরিবার নিয়ে এখানে বেড়াতে আসেন।

দুইমাস আগে একই জেলায় একটি শিয়া মসজিদে হামলায় ২৯ জন পুণ্যার্থী নিহত হওয়ার পর এটিই শহরটিতে চালানো সবচেয়ে ভয়াবহ হামলা।

বাগদাদের উত্তরাঞ্চলীয় আল-কাহিরা নামক ওই জেলায় হামলাটি চালানো হয়। জেলাটি শিয়া অধ্যুষিত। হামলায় শিশুরাও হতাহত হয়েছে। আহতদের পৃথক চারটি হাসপাতালে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টসূত্র জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা আহমেদ জসিম বলেন, “সেখানে (ক্যাফের অভ্যন্তর) অনেক মানুষ ভিড় করেছিল।

আত্মঘাতী হামলাকারী ঠিক সেই ভিড়ের মধ্যেই বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দেয়। বোমার বল-বিয়ারিং এর আঘাতেই হতাহতের ঘটনা ঘটেছে।”

তিনি জানান, তার টহল দলটি বিস্ফোরণে শব্দ শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং লোকজনকে মেঝেতে পড়ে কাতরাতে দেখতে পান। রক্তে ওই স্থানটি ভেসে যাচ্ছিল। কিন্তু পুলিশ তাৎক্ষণিকভাবে সাহায্যের জন্য এগিয়ে আসতে দ্বিধান্বিত ছিল কারণ দ্বিতীয় দফা বোমা হামলার আশঙ্কা করেছিলেন তারা।