সিরিয়ামুখী মার্কিন রণতরী
ভূমধ্যসাগরে মোতায়েন মার্কিন রণতরীগুলোর অবস্থান সিরিয়ামুখি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইঙ্গিত পেলেই সিরিয়ায় হামলা চালানোর জন্য প্রস্তুত হয়ে আছে ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রণতরীগুলো।
বিদ্রোহীদের দমাতে সিরিয়ায় সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো এমন অভিযোগের প্রাথমিক সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করল যুক্তরাষ্ট্র।
ওবামা সিরিয়ার হামলা চালানোর কোনো সিদ্ধান্ত নেননি বলে মার্কিন কর্মকর্তাদের সতর্ক বার্তা সত্বেও ভূমধ্যসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের যষ্ঠ নৌবহরের কমান্ডারের নির্দেশে রণতরীগুলোকে সিরিয়ামুখী করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে, ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর শক্তি বাড়ানো হচ্ছে, সেখানে মোতায়েন ডেস্ট্রয়ারের সংখ্যা বাড়িয়ে তিনটির জায়গায় চারটি করা হচ্ছে।
ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ভূমধ্যসাগরে মোতায়েন ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত ডেস্ট্রয়ার ইউএসএস মাহান এর মোতায়েনের মেয়াদকাল শেষ হওয়ার পর এটি ভার্জিনিয়ার ঘাঁটিতে ফিরে আসছিল। কিন্তু ষষ্ঠ নৌবহরের কমান্ডার জাহাজটিকে ওই অঞ্চলে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে সিরিয়ায় অভিযান চালানোর জন্য নৌবাহিনী কোনো নির্দেশ পায়নি বলে জোর দিয়ে জানিয়েছেন এই কর্মকর্তা।
পাশাপাশি, এশিয়ার পথে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জানিয়েছেন, সিরিয়ার বিষয়ে কি পদক্ষেপ নেয়া যায় পেন্টাগনের কাছে তা জানতে চেয়েছেন প্রেসিডেন্ট ওবামা।
বিদ্রোহীদের দমাতে রাজধানী দামেস্কের কাছের একটি এলাকায় বুধবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এবং এতে সহস্রাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো।
বিদ্রোহীদের এই দাবির পর সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার জন্য ওয়াশিংটনের ওপর চাপ বেড়ে গেছে।
“প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব, ভবিষ্যতে গ্রহণ করা যেতে পারে এমন সব বিকল্পগুলো প্রেসিডেন্টকে জানানো, এ কারণে আমাদের বাহিনীগুলোর অবস্থান নেয়া দরকার, আমাদের প্রতিরক্ষা উপকরণগুলোর অবস্থান বিন্যস্ত করা দরকার, যুক্তরাষ্ট্রের অন্য কোনো অবস্থান বাস্তবায়নের জন্যই এটা করা দরকার-যে বিকল্প গ্রহণ করার প্রেসিডেন্ট তা গ্রহণ করবেন,” বিস্তারিত কিছু না জানিয়ে বলেন হেগেল।
যুক্তরাষ্ট্রের অপর একজন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে শুরু করে সিরিয়া সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মতো যুক্তরাষ্ট্র সরকারের হাতে কি কি বিকল্প আছে তা নিয়ে আলোচনার জন্য রোববার হোয়াইট হাউসে জ্যেষ্ঠ প্রতিরক্ষা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট ওবামা।
