২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটোসাংবাদিক ধর্ষণ: স্তম্ভিত মুম্বাই, গ্রেপ্তার ২

নারীদের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ শহর বলে বিবেচিত বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে এক নারী ফটোসাংবাদিক দলগত ধর্ষণের কবলে পড়ায় স্তম্ভিত হয়ে পড়েছে মুম্বাইয়ের বাসিন্দারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

ঘটনার তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই অভিযুক্ত পাঁচ ধর্ষকের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশ্য, শুক্রবার সন্দেহভাজন ৫ জনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার পর মুম্বাইয়ের বন্ধ হয়ে যাওয়া একটি মিলে অ্যাসাইনমেন্টের জন্য ছবি তুলতে গিয়ে দলগত ধর্ষণের শিকার হন ২২ বছর বয়সী ওই নারী ফটোসাংবাদিক। এ সময় তার সঙ্গে থাকা ছেলে বন্ধুকে বেল্ট দিয়ে বেঁধে রাখে ওই পাষণ্ডরা।

ঘটনার প্রথম অভিযুক্ত ১৯ বছর বয়সী চান্দ সাত্তাত শেখ ওরফে মোহাম্মদ আব্দুলকে শুক্রবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ভারতীয় এনডিটিভি।

ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আব্দুল ওরফে চাঁদ। এর আগে ডাকাতি ও মারামারির ঘটনায় আব্দুল অভিযুক্ত হয়েছিলেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

দ্বিতীয় অভিযুক্ত বিজয় যাদবকে শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর বিজয় দক্ষিণ মুম্বাইয়ে নিজ আবাসস্থলের কাছে এক বন্ধুর ভিডিওর দোকানে লুকিয়ে ছিলেন।

ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অপরাধ স্বীকার করার পর আব্দুলই জানিয়েছে বাকি অভিযুক্তদের নাম বিজয় যাদব, কাশিম বাঙালি, সালেম ও আশফাক।

বাকী তিন অভিযুক্তকে শনাক্ত করার পর তাদের ধরতে পুলিশের ২০টিরও বেশি দল মাঠে নেমেছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশ কমিশনার সত্যপাল সিং।

দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ঘটনার সব ধরনের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সত্যপাল। দ্রুত বিচার আদালতে এই ধর্ষণ মামলা পরিচালনার জন্য পুলিশের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

রাজধানী দিল্লিতে একই ধরনের পাশবিক ঘটনায় গত বছর এক মেডিকেল ছাত্রীর মৃত্যু হলে সারা ভারতে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের ধর্ষণবিরোধী আইন সংস্কার করে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়।

কিন্তু এরপরও নারীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে ভারতীয় রাজ্য সভার বিরোধীদলীয় সদস্যরা ব্যাপক হৈ চৈ করেছে।

ঘটনাস্থলের পুলিশি থানার সামনে শুক্রবার বিক্ষোভ করেছে ডানপন্থী রাজনৈতিক দল শিব সেনার সদস্যরা। শনিবার বিকেলে আরো প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে তারা।

দীর্ঘদিন ধরে মুম্বাইকে নারীদের একাকী ভ্রমণের জন্য নিরাপদ শহর হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এমনকি রাতে এককী ভ্রমণের জন্য এ কথা সত্য ছিল। কিন্তু এ ঘটনায় মুম্বাইয়ের সেই ভাবমূর্তি একটি বিশাল ধাক্কা খেয়েছে।

মুম্বাইয়ে ফটোসাংবাদিককে দলগতভাবে ধর্ষণের ঘটনাকে “অবিশ্বাস্য রকম ভয়ানক” ঘটনা বলে বর্ণনা করেছে মুম্বাইয়ের ক্ষুব্ধ বাসিন্দা জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন।

নারী অধিকার বিষয়ক বেসরকারি সংগঠন ‘পপুলেশন ফাস্ট’ এর পরিচালক এ এল সারদা বলেছেন, “মুম্বাইয়ে এ ধরনের নিরাপত্তার বোধ বিরাজমান ছিল। কিন্তু এ ঘটনায় আমাদের মনে হচ্ছে, আমরা যা ভাবি মুম্বাই হয়তো ততটা নিরাপদ নয়।”

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ওই ফটো সাংবাদিকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তাকে শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।