‘নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৩৫’
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে সন্দেহভাজন ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম অন্ততপক্ষে ৩৫ জনকে হত্যা করেছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানান, বরনো প্রদেশের ডিম্বা গ্রামের অধিবাসীরা সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে অস্ত্রধারীরা তাদের হত্যা করে।
সোমবার এই হামলা চালানো হয়। তবে প্রত্যন্ত অঞ্চল হওয়াতে ওই ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।
২০০৯ সাল থেকে দেশটিতে সহিংসতা শুরু করে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম। এই হামলা সম্পর্কে দলটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রতিরক্ষা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল চেরিস ওলুকোলাদে বলেন, অস্ত্রধারীদের হামলায় ১৪ ব্যক্তি আহত হয়েছেন।
একজন জরুরি উদ্ধারকর্মী জানান, ‘তারা গ্রামবাসীদের বাড়িঘরে আগুন দেয় এবং মুখে গুলি করে।’
বোকো হারামের শীর্ষনেতা আবুবকর শেকাও সম্ভবত নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা আসার দিনই গ্রামটিতে এই হামলা চালানো হল।
এক গোয়েন্দাপ্রতিবেদনে বলা হয়েছে, শেকাও সম্ভবত ২৫ জুলাই থেকে ৩ অগাস্টের মধ্যে কোনো একদিন মারা গেছেন।
তবে তার মৃত্যুর খবরটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
