২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শহীদদের’ স্মরণে মিশরে ফের বিক্ষোভের ডাক

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকরা “শুক্রবারের শহীদদের” স্মরণে ফের ব্যাপক বিক্ষোভের কর্মসূচী গ্রহণ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Aug 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে নতুন রক্তপাতের আশঙ্কা করছে মিশরের গণমাধ্যমসহ প্রায় সব মহল।

গত কয়েকদিনের সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর গুলিতে মুরসি সমর্থক ব্রাদারহুডের বহুসংখ্যক সদস্য নিহত হন। এছাড়া ইসলামপন্থী গোষ্ঠীটির প্রায় সব শীর্ষ নেতাদের আটক করা হয়। এরপরও নিজেদের সাংগঠনিক সামর্থ্য তুলে ধরতেই ব্রাদারহুড এ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

কয়েকদিনের ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের জের ধরে ৩ জুলাই নির্বাচিত রাষ্ট্রপতি মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে মিশরের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশটির নাগরিকরা।

এদিকে, বৃহস্পতিবার সাবেক সেনা একনায়ক হোসনি মুবারকের মুক্তির মাধ্যমে মিশরের সেনাশাসনের পুরনো ধারাই যেন জয়ী হল। ২০১১ সালে একনায়ক মুবারক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে মিশরের ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিলেন মুরসি।

এক বছর পর সেই মুরসিই এখন কারাগারে, আর কারাগার থেকে মুক্তি পেলেন মুবারক।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ১৪ অগাস্ট মুরসি সমর্থকদের প্রতিবাদ শিবিরে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ব্যাপক রক্তপাতের মাধ্যমে সাত সপ্তাহের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটায়। তারপর থেকে মুরসির ৮৫ বছরের পুরনো সংগঠন মুসলিম ব্রাদারহুডকে ভেঙে দিতে এর শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়।

যাদের মধ্যে ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বাদাইও আছেন।

সরকারি ভাষ্য অনুযায়ী, গত আটদিনে ১শ’ সেনা ও পুলিশসহ অন্তত ৯শ’ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে দাবি করেছে ব্রাদারহুড।

এক সময় ব্রাদারহুডের প্রতিবাদ সমাবেশগুলোতে লাখ লাখ মানুষ জমায়েত হতো। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে তাতে ভাটা পড়েছে। নেতাদের গ্রেপ্তারে গোষ্ঠীটির সাংগঠনিক শক্তি হ্রাস পেয়েছে বলে ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে।

তবে এটি সত্যি কিনা শুক্রবারের সমাবেশে তা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।