২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ

লেবাননের একটি জঙ্গি অবস্থান লক্ষ করে বোমা হামলা চালানো হয়েছে। লেবানন থেকে চালানো রকেট হামলার জবাবে হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Aug 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার ভোররাতে লেবাননের রাজধানী বৈরুত ও সিডন শহরের মধ্যবর্তী নামেহ এলাকায় হামলাটি চালানো হয়।

বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে চারটি রকেট নিক্ষেপ করা হয়। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেবানন থেকে সাধারণত শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়ে থাকে, কিন্তু এবার আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সুন্নি মুসলিম গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এক বিবৃতিতে ইসরায়েল বিমান বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার জানিয়েছেন, রকেট হামলার জবাবে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের একটি “জঙ্গি অধ্যুষিত” এলাকায় বোমাবর্ষণ করেছে।

“লেবানন থেকে চালানো জঙ্গি আগ্রাসন সহ্য করবে না ইসরায়েল,” বলেন তিনি। তবে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।

২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে এক লড়াইয়ের জের ধরে লেবাননের কিছু অংশ দখল করে নিয়েছিল ইসরায়েল। কিন্তু তাতেও ওই লড়াইয়ের কোনো নিষ্পত্তি হয়নি। এরপর থেকে বাস্তবে না হলেও যুদ্ধ-বিধি অনুযায়ী দেশ দুটি লড়াইরত আছে।