‘বিশ্বাস ভঙ্গের’ অভিযোগের মুখে এলবারাদি
মিশরের সাবেক অন্তর্বর্তী উপরাষ্ট্রপতি এলবারদিকে “বিশ্বাস ভঙ্গের” অভিযোগে আদালতের মুখোমুখি হতে হচ্ছে। মুসলিম ব্রাদারহুডের সদস্যদের ওপর সেনাবাহিনীর চালানো রক্তক্ষয়ী অভিযানের প্রতিবাদে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন বারাদি।
সরকার থেকে পদত্যাগ করায় তার বিরুদ্ধে “বিশ্বাস ভঙ্গের” অভিযোগ দায়ের করেছেন সাইয়িদ আতিক নামের এক মিশরীয় আইন অধ্যাপক।
১৯ সেপ্টেম্বরের কায়রোর একটি আদালতে অভিযোগের শুনানি হবে বলে মঙ্গলবার জানিয়েছে বিচারিক সূত্রগুলো।
এ বিষয়ে হেলবান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, “তাকে এনএসএফ’র এবং তামারদ ঘোষণার সংখ্যাগরিষ্ঠ অংশের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এই পদের দায়িত্ব ড. এলবারাদিকে দেয়া হয়েছিল, তার উচিত যারা তাকে আস্থায় এনেছিল তাদের কাছে গিয়ে পদত্যাগ সম্পর্কে মতামত চাওয়া।”
জাতিসংঘ নিউক্লিয়ার সংস্থার সাবেক প্রধান এলবারাদি ধর্মনিরপেক্ষ ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের (এনএসএফ) সহনেতা এবং মুরসিকে ক্ষমতাচ্যুত করার সেনাবাহিনীর পদক্ষেপের সবচেয়ে প্রভাবশালী উদারনৈতিক রাজনীতিবিদ সমর্থক।
আর যে গণবিক্ষোভের সূত্র ধরে সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেই বিশাল বিক্ষোভ মিছিল আয়োজনে নেতৃত্ব দিয়েছিল ‘তামারদ ঘোষণা’র নেতৃস্থানীয়রা।
বারাদির বিরুদ্ধে মামলার মাধ্যমে প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির পতনের পর মিশরে আরেক দফা রাজনৈতিক মামলার ঢেউ শুরু হলো বলে ধারণা করা হচ্ছে। এর আগে মুরসি তার একবছরের শাসনকালে বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করেছিলেন।
“প্রেসিডেন্টকে অপমান করা হয়েছে” ধরনের মামলাকে সেই সময়ের সরকার বিরোধীরা ‘রাজনৈতিক হেনস্তামূলক’ মামলা বলে অভিহিত করেছিলেন।
অধ্যাপক আতিক জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে এলবারাদির তিন বছর কারাদণ্ড হতে পারে। তবে বিচারিক সূত্রগুলো জানিযেছে, এ ধরনের মামলায় খুব বেশি হলে জরিমানা ও স্থগিত কারাদণ্ডাদেশ হতে পারে।
চলতি সপ্তাহে মিশর ছেড়ে ইউরোপে চলে গেছেন এলবারাদি। এই মামলার শুনানিতে তিনি উপস্থিত হবেন না বলেই ধারণা করা হচ্ছে।
