২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন-ইসরায়েল তৃতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ্রই আলোচনা ইসরায়েলকে একটি নাটকীয় সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আলোচনায় যোগ দেয়া দেশটির শীর্ষ প্রতিনিধি জিপি লিভনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Aug 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার জেরুজালেমে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শুরুর আগে ইসরায়েল রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে লিভনি বলেন, “আলোচনা শেষে ইসরায়েলের পক্ষ থেকে নাটকীয় সিদ্ধান্ত অপেক্ষা করছে।”

দুই পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপনের বিষয়ে তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তা প্রকাশ না করার বিষয়ে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

“আমরা বিতর্ক করছি, তবে আমরা ঘরের ভিতরে বিতর্ক করছি,” বলেছেন তিনি।

তিনি আরো জানিয়েছেন, ইসরায়েলের ক্ষমতাসীন ডানপন্থী জোটের অন্তত একটি পক্ষ ধর্মনিরপেক্ষ ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরিতে ওয়াশিংটনের লক্ষ্যের বিরোধিতা করছে।

এর আগে ১৪ অগাস্ট জেরুজালেমের কোনো একটি স্থানে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু আলোচনাস্থলের অবস্থান প্রকাশ করা হয়নি।

তিন বছর বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওয়াশিংটনে গত মাস থেকে দুই বৈরী পক্ষের মধ্যে শান্তি আলোচনা আবার শুরু হয়।

তিন বছর আগে ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে বসতি স্থাপন সম্প্রসারণের কাজ শুরু করলে দুপক্ষের মধ্যে চলমান শান্তি আলোচনা ভেঙে যায়। কিন্তু এবার দ্বিতীয় পর্বের আলোচনা শুরুর আগে ইসরায়েল অধিকৃত অঞ্চলে তিন হাজার একশ’ নতুন বসতি নির্মাণের ঘোষণা দিলেও আলোচনা ভেঙে যায়নি।

তবে ইসরায়েলি এ সিদ্ধান্তে তীব্র আসন্তোষ প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।