টানা তিনদিনের কাজে মৃত্যু!
টানা ৭২ ঘণ্টা কাজের পর মৃত্যু ঘটেছে লন্ডন ইনভেস্টমেন্ট ব্যাংকের ২১ বছর বয়সী এক শিক্ষানবিসের। নাম মরিজ এরহার্ড।
যুক্তরাজ্যের ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, জার্মানির মরিজ পড়াশুনা করতেন মিশিগান বিশ্ববিদ্যালয়ে। লন্ডনে ব্যাংক অব আমেরিকায় শিক্ষানবিস হিসাবে কাজ করছিলেন তিনি। এ কাজই তার কাল হল।
ওয়ালস্ট্রিটোয়াসিস ডটকম ওয়েবসাইটে নামবিহীন এক পোস্টে লেখা হয়, “শাওয়ারের নিচে তাকে (মরিজ) মরে পড়ে থাকতে দেখেছিল তার ফ্ল্যাটমেট। বিএএমএল (ব্যাংকিং অব আমেরিকা এন্ড মেরিল লিঞ্চ) এর এ শিক্ষানবিস টানা তিনদিন কাজের পর সকাল ৬ টায় বাড়ি ফেরে”।
বিভিন্ন খবরে বলা হয়েছে, বিজনেস স্টাডিজে আন্ডারগ্র্যাজুয়েশনের ছাত্র মরিজ মৃগী রোগে ভুগছিল। শাওয়ারের নিচে সে ঢলে পড়ে। পরে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ওয়েবসাইটে তার মৃত্যুর খবরটি চাউর হওয়ার পরই ব্যাংকিং ইন্টার্নশিপ নিয়ে সমালোচনমূলক মন্তব্যের ঝড় ওঠে। ব্যাংকিং খাতে শিক্ষানবিসদেরকে কতটা অমানুষিক পরিশ্রম করতে হয় সে বিষয়টি উঠে আসে বিভিন্ন ছাত্রের অভিজ্ঞতালব্ধ কথায়।
চাকরি পেতে কাজের জন্য সারারাত অফিসে থাকার মতো কষ্টের কথা জানিয়েছেন অনেকে। আবার অনেকেই ব্যাংকিং ইন্টার্নশিপের সময়টিকে জীবনের সবচেয়ে বাজে সময় বলে অভিহিত করেছেন।
শিক্ষানবিসদের এ ধরনের কষ্টের কথা স্বীকারও করেছেন ইনভেস্টমেন্ট ব্যাংকের সাবেক এক কর্মকর্তা। তার কথায়, শিক্ষানবিসদেরকে নিয়মিত দিনে ১৪ ঘণ্টাও কাজ করতে হয়। এ কাজের জন্য বিএএমএল তাদেরকে মজুরি দেয় মাসে প্রায় ২ হাজার ৭শ’ পাউন্ড।
