‘মিশরে সেনা অভ্যুত্থানে ইসরায়েলের হাত আছে’
মিশরের সেনাবাহিনীর প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পেছনে ইসরায়েলের হাত আছে। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান এ অভিযোগ করেছেন।
এরদোয়ান বলেন, “মিশরে সেনা অভ্যুত্থানের পেছনে আছে ইসরায়েল। আমাদের কাছে এর প্রমাণ আছে।” তুরস্কের দৈনিক ‘টুডেজ জামান’ তার এ উদ্ধৃতি ছেপেছে।
ফরাসি এক ইহুদি পন্ডিতের সঙ্গে এরদোয়ান তার কথপোকথনের কিছু অংশ তুলে ধরে বলেন, ওই পন্ডিতে এই পূর্বাভাসই দিয়েছিলেন যে, মিশরে মুসলিম ব্রাদারহুড নির্বাচনে জিতলেও দলটিকে দেশ শাসন করতে দেয়া হবে না। “কারণ, গণতন্ত্র মানেই ব্যালট বাক্স নয়।”
এরদোয়ানের এ অভিযোগের ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
মিশরে গত মাসে মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকেই ইসরায়েলের অন্যতম ঘোর সমালোচক হয়ে উঠেছেন এরদোয়ান। অতীতেও তিনি বহু বিষয় নিয়েই ইসরায়েলের সমালোচনা করেছেন।
এবার তিনি ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগ করলেন তাতে দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্ক আরো অবনতির দিকে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
তবে কেবল এরদোয়ান একাই নন মিশর সঙ্কটে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও।
গত সপ্তাহান্তে তিনি মুরসিকে উৎখাতের চক্রান্ত করা এমনকি সিরিয়া সঙ্কটের পেছনেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হাত থাকার অভিযোগ তোলেন।
