ফুকুশিমায় বেরোচ্ছে মারাত্মক তেজস্ক্রিয় পানি
জাপানে ২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি স্টোরেজ ট্যাংক থেকে বেরিয়ে আসছে মারাত্মকরকম উচ্চ মাত্রার তেজস্ক্রিয় পানি।
ট্যাংক ফেটে কম করে হলেও ৩শ’ টন পানি বেরিয়ে আসছে । সোমবার সকালে এ ফাটলের কথা জানতে পারে ওই কেন্দ্রের এক কর্মী। ফুকুশিমা কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) মঙ্গলবার একথা জানিয়েছে।
এ মাসের প্রথম দিকে টেপকো ফুকুশিমার ১ নাম্বার সৌর চুল্লি থেকে উচ্চ মাত্রার তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে চুইয়ে পড়ে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা জানানোর পর আবার স্টোরেজ ট্যাংকে এ নতুন ফাটলের সন্ধান পাওয়া গেল।
এ ফাটল দিয়ে এতটাই তেজস্ক্রিয় দূষিত পানি বেরোচ্ছে যে ওই জায়গা থেকে ৫০ সেন্টিমিটার দূরে দাঁড়ানো যে কোনো মানুষ এক ঘন্টার মধ্যে মারাত্মক তেজস্ক্রিয়তার শিকার হতে পারে।
এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু কর্মীরা সাধারণত বছরে গড়ে যতটুকু তেজক্রিয় দূষণের শিকার হয় এ পানিতে ১ ঘণ্টায় তার চেয়েও পাঁচগুণ বেশি তেজস্ক্রিয়তার শিকার হবে মানুষ।
আর ফাটলের কাছাকাছি অবস্থানে থাকা কোনো কর্মীর ক্ষেত্রে ১০ ঘণ্টা পর বমি এবং শ্বেত রক্তকনিকা কমে যাওয়ার মতো তেজস্ক্রিয়তাজনিত অসুস্থতার লক্ষণ দেখা দিতে পারে।
২০১১ সালের মার্চে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনমির পর দুর্ঘটনাকবলিত ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের জলাধারে ফাটল দেখা দেয়াসহ বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে বরাবরই।
তেজস্ক্রিয়দূষিত পানি ধরে রাখতে এ কেন্দ্রে তৈরি করা হয়েছে শ’ শ’ ট্যাংক। এগুলোর কয়েকটিতেই ২০১২ সালে একইরকম ফাটল খুঁজে পাওয়া গেছে।
কিন্তু এবারের মতো এত বেশি পরিমাণ পানি আগের কোনো ফাটল দিয়েই বেরিয়ে আসতে দেখা যায়নি বলে জানিয়েছেন টেপকোর এক কর্মকর্তা।
