ভারত মহাসাগর থেকে ১০৫ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার
ভারত মহাসাগরে ডুবে যাওয়া ১০৫ জন সম্ভাব্য শরণার্থী প্রার্থীকে উদ্ধার করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার ক্রিসমাস দ্বীপের ২২০ কিলোমিটার উত্তরে অস্ট্রেলিয়ায় আশ্রয়ের সন্ধানীদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
প্রসঙ্গত, ক্রিসমাস দ্বীপে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ দেশটিতে শরণার্থী হতে ইচ্ছুকদের আটকে রাখার জন্য একটি ক্যাম্প পরিচালনা করছে।
অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা কর্তৃপক্ষের ধারণা, নৌকাটিতে ১০৫ জন যাত্রী ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে সাহায্য চেয়ে একটি বার্তা পাওয়ার পরই তারা উদ্ধার তৎপরতা শুরু করে।
একটি অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্ত থেকে ৫শ’ কিলোমিটার দক্ষিণে ক্রিসমাস দ্বীপের অবস্থান।
অস্ট্রেলিয়ায় শরণার্থী প্রার্থীদের কাছে এই দ্বীপ দেশটিতে ঢোকার জন্য একটি জনপ্রিয় গন্তব্য।
আর এ কারণে আশ্রয়প্রার্থীরা অর্থের বিনিময়ে ইন্দোনেশীয় বন্দরগুলো থেকে চোরাকারবারীদের নৌকায় করে ক্রিসমাস দ্বীপে পৌঁছতে চায়।
কিন্তু বিপদসংকুল ওই পথে প্রায়ই নৌকা বা ট্রলারডুবিতে অসংখ্য আশ্রয়প্রার্থীর মৃত্যু হয়।
