বেনজির হত্যায় মুশাররফ অভিযুক্ত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফকে অভিযুক্ত করেছে দেশটির আদালত।
বেনজিরকে হত্যার পরিকল্পনা, তাতে সহযোগিতা ও হত্যার অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে।
রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালতে মঙ্গলবার মুশাররফের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
স্বাধীনতার পর অর্ধেকেরও বেশি সময় সামরিক শাসনে থাকা এই দেশটিতে এই প্রথম সাবেক বা বর্তমান কোনো সেনাপ্রধান অভিযুক্ত হলেন।
স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী জনসভা শেষে গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন মুসলিম-বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তিনিসহ মোট ২৪ জন নিহত ও ৯১ জন আহত হন ওই হামলায়।
সে সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মুশাররফ।
হত্যাকাণ্ডের পর মুশাররফ সরকারের পক্ষ থেকে তালেবান জঙ্গিদের দায়ী করা হলেও ২০১০ সালে জাতিসংঘের একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, সরকার যথাযথ নিরাপত্তা দিলে হত্যাকাণ্ড এড়ানো যেত।
দেশটির গোয়েন্দা সংস্থা এই হত্যা মামলার তদন্তকাজকে প্রভাবিত করেছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।
এরপর ২০১১ সালের ফেব্রুয়ারিতে বেনজির হত্যার অভিযোগপত্রে মুশাররফের নাম যুক্ত করেন তদন্ত কর্মকর্তারা।
চলতি বছরই নির্বাসন থেকে দেশে ফেরা মুশাররফকে আদালতের নির্দেশে গৃহবন্দি করে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।
অভিযোগ গঠনের শুনানিতে মুশাররফ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তার সঙ্গে আরো ছয়জন এ মামলায় অভিযুক্ত হয়েছেন, যাদের মধ্যে চারজন জঙ্গি ও দুজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
শুনানি শেষে মুশাররফের আইনজীবী সৈয়দ আফসান আদিল বলেন, “যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন। আমরা আইনি লড়াই চালিয়ে যাব।”
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আজহার বলেন, “তার বিচার হওয়া উচিত।”
২০ মিনিটের এই শুনানির সময় সাংবাদিকদের আদালতে প্রবেশ করতে দেয়া হয়নি।
১৯৯৯ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ, হয়ে ওঠেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।
এর নয় বছরের মাথায় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচনে তার অনুসারী ও সমর্থকদের শোচনীয় পরাজয় ঘটে।
অভিসংশনের হুমকির মুখে ওই বছরের অগাস্টে পদত্যাগ করে দেশ ছেড়ে স্বেচ্ছানির্বাসনে যান মুশাররফ। চার বছর লন্ডন ও দুবাইয়ে কাটিয়ে গত ২৪ মার্চ পাকিস্তানে ফেরেন সাবেক এই সেনা শাসক।
