‘কুর্দিস্তানে ঢুকেছে ২০ সহস্রাধিক সিরীয় শরণার্থী’
ইরাকের কুর্দিস্তানে গত বৃহস্পতিবার থেকে এপর্যন্ত ২০ হাজারেরও বেশি সিরীয় শরণার্থী প্রবেশ করেছে এবং এ ঢল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
টাইগ্রিস নদীর ওপরকার নতুন সেতু পেরিয়ে দলে দলে সিরীয় শরণার্থী গত বৃহস্পতিবার থেকে কুর্দিস্তানে ঢুকতে শুরু করেছে।
একদিনেই ৭ হাজার শরণার্থী কুর্দিস্তানে ঢোকার পর শনিবার আরো ১০ হাজার সিরীয় সেখানে ঢোকে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রোববার এক খবরে একথা জানায়।
এরপর সোমবার ইউএনএইচসিআর এর হাই কমিশনার আদ্রিয়ান এডওয়ার্ডস জানান, গত বৃহস্পতিবার থেকে ওই অঞ্চলে সিরীয় শরণার্থীর মোট সংখ্যা এখন ২০ হাজারে দাঁড়িয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে এবং আরো শরণার্থী আসছে।
নজিরবিহীন এ শরণার্থীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ সংস্থাসহ কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এবং এনজিওগুলো। দলে দলে শরণার্থীর সেখানে যাওয়ার কারণ কি তা পুরোপুরি পরিষ্কার নয়।
তবে সিরিয়ায় কুর্দি এবং সরকার বিরোধী মুসলিম গেরিলাদের মধ্যে সম্প্রতি সংঘর্ষ বেড়েছে।
শরণার্থীরা বেশিরভাগই সিরিয়ার সংর্ষপ্রবণ এলাকা আলেপ্পো, হাসাকেহ, কামিশলিসহ অন্যান্য জায়গা থেকে পালিয়ে এসেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
