ইরাকের কুর্দিস্তানে ঢুকছে দলে দলে সিরীয় শরণার্থী
সিরিয়া থেকে ইরাকের কুর্দিস্তানে প্রবেশ করে চলেছে হাজারে হাজারে সিরীয় শরণার্থী। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) একথা জানিয়েছে।
বিবিসি’র খবরে বলা হয়, শরণার্থী সংস্থার হিসাবমতে, গত বৃহস্পতিবার একদিনেই ৭ হাজার সিরীয় শরণার্থী কুর্দিস্তানে ঢোকে। এরপর শনিবার সেখানে ঢুকেছে আরো ১০ হাজার শরণার্থী।
নজিরবিহীন এ শরণার্থীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ সংস্থাসহ কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এবং এনজিওগুলো।
টাইগ্রিস নদীর ওপরকার নতুন সেতু পেরিয়ে শরণার্থীরা কুর্দিস্তানে ঢুকছে। দলে দলে শরণার্থীর সেখানে যাওয়ার কারণ কি তা পুরোপুরি পরিষ্কার নয়।
তবে সিরিয়ায় কুর্দি এবং সরকার বিরোধী মুসলিম গেরিলাদের মধ্যে সম্প্রতি সংঘর্ষ বেড়েছে।
শরণার্থীরা বেশিরভাগই সিরিয়ার সংর্ষপ্রবণ এলাকা আলেপ্পো, হাসাকেহ, কামিশলিসহ অন্যান্য জায়গা থেকে পালিয়ে এসেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
