‘ইরানের ১৮ হাজার সেন্ট্রিফিউজ আছে’
ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার বিদায়ী প্রধান ফেরেইদুন আব্বাসি-দাভানি জানিয়েছেন, দেশে সর্বমোট ১৮ হাজার সেন্ট্রিফিউজ আছে। এর মধ্যে পরমাণু কেন্দ্রগুলোতে ১০ হাজার সেন্ট্রিফিউজ ব্যবহৃত হচ্ছে।
শনিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আব্বাসি বলেন, সেন্ট্রিফিউজগুলোর মধ্যে ১৭ হাজার প্রথম প্রজন্মের আইআর-১ সেন্ট্রিফিউজ।
তিনি জানান, “১০ হাজার বেশি সেন্ট্রিফিউজে এখন কাজ হচ্ছে। আর ৭ হাজার সেন্ট্রিফিউজ ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।”
আব্বাসি আরো জানান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের এক হাজার আইআর-২এম সেন্ট্রিফিউজ পরমাণু চুল্লিগুলোতে স্থাপন করা হয়েছে, সময়মতো তা চালু করা হবে।
এ সেন্ট্রিফিউজগুলোতে ইরান পুরোনো মডেলের আইআর-১ সেন্ট্রিফিউজের তুলনায় কয়েকগুণ বেশি দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।
সম্প্রতি হাসান রুহানি ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহিকে নিয়োগ দিয়েছেন।
রুহানি ক্ষমতায় এসে পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন আলোচনা আহ্বান করেছেন। তবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের পক্ষেও কথা বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলো ইরানকে বরাবরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে চাপ দিয়ে আসছে। সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ইরান পরমাণু বোমা তৈরির পথে যেতে পারে বলে তাদের আশঙ্কা।
তবে ইরান এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।
