ফের নিষিদ্ধ হতে পারে মুসলিম ব্রাদারহুড
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করাসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছে দেশটির অন্তর্বর্তী সরকার।
মুসলিম ব্রাদারহুডকে আইনগতভাবে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাওয়ি। এ প্রস্তাবটি নিয়েই মূলত রোববারের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ব্রাদারহুড মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। দলটি এবং এর অনুসারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এরই মধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে।
এ পরিস্থিতিতে দলটির সঙ্গে আপোস করা নয়ত আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার পরষ্পরবিরোধী নানা প্রস্তাব নিয়ে তর্কবিতর্ক শুরু করেছে মন্ত্রিপরিষদ।
বৈঠক শুরুর আগে ব্রাদারহুডের সঙ্গে আপোসের প্রস্তাব দেন মিশরের উপ-প্রধানমন্ত্রী। কিন্তু এর বিপরীতে দলটি নিষিদ্ধের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
এরই মধ্যে মিশরের সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি সতর্ক করে দিয়ে বলেছেন, তার বাহিনী সহিংসতার মুখে চুপ করে বসে থাকবে না।
তবে তিনি মুরসি সমর্থকদের উদ্দেশে এও বলেন, মিশরে সবার জন্যই সুযোগ আছে এবং সেনাবাহিনীর ক্ষমতা দখলের কোনো অভিপ্রায় নেই।
মন্ত্রিপরিষদের বৈঠকের আগে কায়রোয় রোববার মুরসিপন্থি দুটো বিক্ষোভ হওয়ার কথা থাকলেও তা পরে বাতিল করা হয়। এ ব্যাপারে মুসলিম ব্রাদারহুডের কয়েকটি সূত্র জানায়, নিরাপত্তার অভাবে বিশেষত, বিভিন্ন ভবনে স্নাইপারদের উপস্থিতির কারণে পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি বাতিল করা হয়েছে।
গত ৩ জুলাই গণবিক্ষোভের মুখে সেনাবাহিনীর হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ব্রাদারহুডেরই একজন শীর্ষনেতা। তার ক্ষমতাচুতির মধ্য দিয়েই রক্তক্ষয়ী রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়ে দেশটি।
মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে তার সমর্থকরা কায়রোর রাব্বা আল আদাবিয়া মসজিদ প্রাঙ্গণে অবস্থান নিয়ে মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ দমনে ২৭ জুলাই সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, যাতে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এরপরও তারা অবস্থান ছাড়েনি।
নিরাপত্তা বাহিনী সম্প্রতি রক্তক্ষয়ী অভিযান চালিয়ে তাদেরকে উচ্ছেদ করে দেশে জরুরি অবস্থা জারির পরও তা উপেক্ষা করে বিক্ষোভ করে আসছে দলটি। সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিনই বিক্ষোভ-সমাবেশ ডাকছে ব্রাদারহুড।
মিশরের ইতিহাসে প্রথম অবাধ সুষ্ঠু নির্বাচনে এগিয়ে থাকা মুসলিম ব্রাদারহুডকে এর আগে ১৯৫৪ সালে নিষিদ্ধ করে তৎকালীন সামরিক সরকার। এরপর ২০১১ সালে গণবিক্ষোভের মুখে দেশটির তিন দশকেরও বেশি সময়ের শাসক হোসনি মোবারকের পতন হলে পরিবর্তিত পরিস্থিতিতে আবারও ফিরে আসে দলটি।
সম্প্রতি একটি বেসরকারি সংস্থা হিসেবে আবার নিবন্ধিত হয় ১৯২৮ সালে প্রতিষ্ঠিত মৌলবাদী গোষ্ঠীটি। এ সময় গোষ্ঠির রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি গঠন করে রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন নেয়।
