২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ফেরি ডুবিতে ৩২ জনের মৃত্যু

ফিলিপাইন উপকূলে কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্ততপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১শ’ ৭০ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Aug 2013, 11:28 AM

Updated : 13 Oct 2022, 02:55 PM

শুক্রবার সন্ধ্যায় ফিলিপাইনের সেবু বন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।

ডুবে যাওয়া ফেরিটিতে ৭শ’ ৭২ জন যাত্রী ও ১শ’ ১৮ জন ক্রু ছিল। এদের মধ্যে ৬শ’ ২৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১শ’ ৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী যোশেফ এমিলো আবায়া।

উদ্ধারকৃত যাত্রীদের বেশিরভাগকেই স্থানীয় মাছধরা নৌকাগুলোর জেলেরা উদ্ধার করেছেন। আরো লাশের সন্ধানে ডুবে যাওয়া ফেরিটিতে খোঁজ চালিয়ে যাচ্ছিলেন ডুবুরিরা। কিন্তু বৈরি আবহাওয়ায় সাগর উত্তাল হতে থাকায় ও প্রচণ্ড বৃষ্টিতে দৃষ্টিসীমা কমে আসায় উদ্ধার অভিযান স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রোববার আবহাওয়া স্বাভাবিক হলে উদ্ধার অভিযান আবার শুরু হতে পারে।

এমভি থমাস একুইনাস নামের ফেরিটির সঙ্গে সংঘর্ষে কন্টেইনারবাহী জাহাজ সাল্পিসিও এক্সপ্রেস সেভেনের সামনের দিকে দুটি বড় গর্ত তৈরি হয়।

রাত প্রায় ৯টার দিকে বন্দর ছেড়ে যাচ্ছিল সাল্পিসিও এক্সপ্রেস, একই সময় এমভি থমাস একুইনাস সেবুর অবকাশ কেন্দ্রের দিকে এগোচ্ছিল। তখনই বন্দর থেকে এক কিলোমিটার দূরে জলযান দুটির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের দশ মিনিটের মধ্যে ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছেন ফেরিটির এক ক্রু।

১৯৮৭ সালের ডিসেম্বরে সিবুয়ান সাগরে এমভি ডোনা পাজ নামের একটি ফেরির সঙ্গে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজের সংঘর্ষে ফেরির ৪ হাজার ৩শ’ ৭৫ জন যাত্রী ও ট্যাঙ্কারটির ১১ জন ক্রু মারা গিয়েছিল।

৭ হাজার ১শ’ দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র ফিলিপাইনে প্রতি বছর ফেরি দুর্ঘটনায় কয়েকশ মানুষ মারা যায়।