ইরাকের কুর্দিস্তানে সিরীয় শরণার্থীর ঢল
ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানে একদিনে আকস্মিকভাবে ৫ হাজার থেকে ৭ হাজার সিরীয় শরণার্থী ঢুকে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
পেশখাবর এলাকায় টাইগ্রিস নদীর ওপরে নতুন পন্টুন সেতু পেরিয়ে বৃহস্পতিবার প্রথমে ৭৫০ জন সিরীয় শরণার্থী কুর্দিস্তানে প্রবেশের পরপরই হাজারো শরণার্থীর ঢল নামে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার হাই কমিশনার আদ্রিয়ান এডওয়ার্ডস জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, “বৃহস্পতিবার হঠাৎই হাজার হাজার সিরিয় গণহারে ইরাকের উত্তরাঞ্চলে ঢুকেছে”|
আলেপ্পো, হাসাকাহসহ সিরিয়ার অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে আতঙ্কিত মানুষজন সপরিবারে নতুন করে ভীনদেশে পাড়ি জমাচ্ছে। প্রায় তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে বিশ লাখ সিরিয় পাশের দেশগুলোতে আশ্রয় নেয়।
সম্প্রতি দেশটিতে গৃহযুদ্ধ আরো ঘনীভূত হয়েছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইতোমধ্যে সিরিয়া থেকে দেড় লাখ শরণার্থী ইরাকে পাড়ি জমিয়েছে।
গত মে মাসের ১৯ তারিখ থেকে ইরাকের কুর্দিস্তান সরকার ওই রাজ্যের অভ্যন্তরে সিরিয় শরণার্থিদের প্রবেশ বন্ধ করে দেয়।
এর পর থেকে শুধু মাত্র আনবার রাজ্যের আল ওয়াহিদ সীমান্ত দিয়ে সীমিত আকারে সিরিয়রা ইরাকে আশ্রয় নিত।
ইরাকে সাম্প্রদায়িক দাঙ্গা সিরিয় শরণার্থীদের জন্য হুমকি হবে কিনা; সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আদ্রিয়ান বলেন, কুর্দিস্তান এখন পর্যন্ত তুলনামূলকভাবে নিরাপদ।
