২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ডুবোজাহাজের ৩ মৃত নাবিক উদ্ধার

মুম্বাই বন্দরে ভারতের নৌবাহিনীর বিধ্বস্ত ডুবোজাহাজ সিন্ধুরক্ষকের তিন নাবিকের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। পরিস্থিতি বিবেচনায় ডুবোজাহাজটিতে থাকা বাকি ১৫ জনের মধ্যে কেউ আর জীবিত নেই বলেই ধারণা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Aug 2013, 03:28 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

শুক্রবার দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বিবৃতিতে নৌবাহিনী জানায়, “উদ্ধার করা মৃতদেহগুলোর অবস্থা এবং ডুবোজাহাজের অবস্থা পর্যবেক্ষণ করে প্রায় নিশ্চিতভাবেই বলা যায়, কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।”

ডিজেলচালিত ডুবোজাহাজ সিন্ধুরক্ষক বিধ্বস্তের এই ঘটনা প্রাণহানি ও প্রয়োজনীয় ডুবোযান হারানো দুই দিক থেকে দেশটির নৌবাহিনীর ওপর বড় ধরনের আঘাত। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময়ের পর এই প্রথম ভারতীয় ডুবোজাহাজ ক্ষতির শিকার হল।

ভারতীয় নৌবাহিনী আরো জানিয়েছে, ১২ ঘণ্টারও বেশি সময় ডুবুরিরা সিন্ধুরক্ষকের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। ডুবোজাহাজটির অভ্যন্তরে গরম পানি থাকায় ডুবুরিরা এতে প্রবেশে ব্যর্থ হয়। সেই সঙ্গে ডুবোজাহাজটির দরজাতেও জ্যাম লেগে যাওয়ার কারণেও বিলম্ব হয়।

ডুবুরিরা ডুবোজাহাজটির আরো ভেতরে ঢুকে সম্ভাব্য নিহতদের লাশ সন্ধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানানো হয়।

এরআগে মুম্বাই বন্দরে ভারতীয় নৌবাহিনীর সিন্ধুরক্ষক নামের ডুবোজাহাজে মঙ্গলবার রাতে বিস্ফোরণে আটকা পড়া নাবিকেরা মারা গেছেন বলে জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি। তবে তিনি বিস্তারিত আর কোনো তথ্য দেননি।

নৌবাহিনীর বিবৃতিতে জানা যায়, ডুবোজাহাজটির মূল্য ৪৮০ কোটি রূপি।

বর্তমানে ভারতের ২০টি ডুবোজাহাজ প্রয়োজন হলেও তাদের রয়েছে ১৪টি ডুবোজাহাজ।