২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নতুন করে শুরুর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির আওতায় ২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
বুধবার প্রথম প্রহরে ইসরায়েল এসব বন্দিকে মুক্তি দেয়। ওয়াশিংটনে প্রথম দফা আলোচনার পর বুধবারেই ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে।
আলোচনার শর্তানুযায়ী যে ১শ’ চারজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা তারই প্রথম ধাপে মুক্তি পেয়েছে এ ২৬ জন। এদের মধ্যে ১১ জন ফিলিস্তিন পশ্চিমতীরের এবং অপর ১৫ জন গাজার বাসিন্দা।
পশ্চিমতীরে মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাতে তাদের আত্মীয়স্বজনরা ভোররাতে রাজধানী রামাল্লার প্রেসিডেন্ট প্রাসাদ প্রাঙ্গণে জড়ো হয়। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও সেখানে উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনের পতাকা উড়িয়ে, আনন্দ মুখরিত শ্লোগান আর অশ্রুতে মুক্তিপ্রাপ্তদের বরণ করে নেন তারা।
উচুঁ একটি মঞ্চে পশ্চিমতীরের ১১ ফিলিস্তিনের প্রত্যেককে দুই গালে চুমু খেয়ে নিজ ভূমে স্বাগত জানান আব্বাস। হাতে হাত ধরে উপস্থিত জনতার উদ্দেশ্যে জয়সূচক চিহ্ন প্রদর্শন করেন তিনি। এ সময় শত শত ক্যামেরার ফ্লাশ জ্বলে উঠে।
“আমাদের ভাইয়েরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তির আলোতে ফিরে আসায় আমরা আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা তাদের এবং আপনাদের জানাচ্ছি বাকীরাও মুক্তির পথে আছে,” উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আব্বাস।
অপরদিকে, মুক্তিপ্রাপ্ত অপর ১৫ ফিলিস্তিনি গাজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের আত্মীয়স্বজন গুলি ও পটকা ফুটিয়ে আনন্দ প্রকাশ করে।
পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতবাড়ি নির্মাণের ঘোষণায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় মনোভাব নিয়েছেন কূটনীতিকরা। বুধবার বিকালে জেরুজালেমে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে।
