২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুনামি জাহাজ’ ধ্বংস করা হচ্ছে জাপানে

জাপানে ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ধ্বংসযজ্ঞের প্রতীক হয়ে ওঠা বিশালআকৃতির মাছ ধরা নৌকা ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেসেনুমা নগর কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 10:14 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সুনামির জলোচ্ছ্বাসের তোড়ে নগরীর ডক থেকে প্রায় ৭৫০ মিটার দূরের আবাসিক এলাকায় ভেসে এসে আটকা পড়ে ৩৩০ মেট্রিক টন ওজনের কিয়োটোকুমারু নামের এই নৌকা।

দুর্যোগ কেটে যাওয়ার পর নৌকাটি সেখানে রাখা না রাখা নিয়ে বিভক্ত হয়ে পড়ে কেসেনুমার বাসিন্দারা।

অনেকেই সুনামির ভয়াবহতার মধ্যেও টিকে থাকার প্রতীক হিসাবে নৌকাটিকে স্মৃতিচিহ্ন করে রাখার পক্ষপাতি। আবার অনেকেই চান দূর করে দেয়া হোক সুনামির ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা মনে করিয়ে দেয়া এ বেদনাদায়ক স্মৃতিচিহ্নকে।

বিষয়টি নিয়ে কেসেনুমা জুড়ে উত্তপ্ত তর্কবিতর্ক এবং ভোটাভুটির পর অবশেষে গত সপ্তাহে কর্তৃপক্ষ নৌকাটি ভেঙে ফেলার সিদ্ধান্ত জানিয়েছে।

জনমত এতটাই বিভক্ত ছিল যে বিষয়টি নিয়ে গত মাসে ভোটের আয়োজন করতে হয়। নগরীর অধিবাসীদের প্রায় ৭০ শতাংশ জাহাজটি সংরক্ষণ না করার পক্ষে রায় দেয়ার পরই এটি ধ্বংসের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান এক স্থানীয় কর্মকর্তা।

দু’বছর আগের সেই ভয়াবহ সুনামির দু:সহ স্মৃতি যে এখনো জাপানিদের তাড়া করে ফিরছে এ থেকেই তা স্পষ্ট। ২০১১ সালের ১১ মার্চে জাপানে ভূমিকম্পের পর দেখা দেয়া ওই সুনামিতে নিহত এবং নিখোঁজ হয় ১৮ হাজারেরও বেশি মানুষ।