২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত উত্তেজনা, আলোচনার আহ্বান জাতিসংঘের

কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দু’পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার পাকিস্তান সফরে গিয়ে এ আহ্বান জানান মুন। দু’দেশকে আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা নেয়ার পরামর্শ দেন তিনি।

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে হামলার পাল্টাপাল্টি অভিযোগে ভারত-পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বেড়েছে। মঙ্গলবার সকালে ভারত জম্মু এলাকায় পাকিস্তানের গুলি চালানোর অভিযোগ করে।

এর আগে পাকিস্তান তাদের সীমান্তে ভারতের ছোড়া গুলিতে একজন নিহত হওয়ার অভিযোগ করে এবং এর প্রতিবাদ জানাতে ভারতীয় উপ হাই কমিশনারকে পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ে ডেকে পাঠায়।


গত সপ্তাহে ভারত পাকিস্তানি সেনাদের গুলিতে সীমান্ত এলাকায় ৫ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে অভিযোগ করে। ওদিকে, পাকিস্তানও সোমবার ভারতের গুলিতে রাওয়ালাকোটের বাত্তাল সেক্টরে এক পাক সেনা নিহত হয়েছে বলে অভিযোগ করেছে।

দু’পক্ষে এ উত্তেজনার কারণে আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্ধারিত বৈঠককে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ফলে দু’দেশকে উত্তেজনা নিরসন ও সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে মুন বলেছেন, নেতারা গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে পারস্পরিক আস্থা অর্জনের পদক্ষেপ নেবেন বলেই তিনি আশা করেন। তাছাড়া, প্রয়ো্জনবোধে এ আলোচনায় মধ্যস্থতা করারও আগ্রহ প্রকাশ করেন মুন।