শকুনের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত
চিলি ও আর্জেন্টিনার মাঝামাঝি আন্দিজ পর্বতমালা এলাকায় বিরল প্রজাতির ২০টি শকুনের বিষক্রিয়ার কারণ তদন্ত করে বের করার চেষ্টা করছে চিলির স্বাস্থ্যমন্ত্রণালয়।
কনডর শকুন নামের বিলুপ্তপ্রায় এই পাখিগুলো বিশ্বের অন্যতম বড় পাখি। পাখা বিস্তারিত অবস্থায় পাখিগুলো ৯ ফুটের চেয়েও বেশি প্রশস্ত। আন্দিজ পর্বতমালা এলাকাতেই এরা বসবাস করে।
বিশেষ প্রজাতির এই শকুনগুলোর ২০টিকে রোববার মুমূর্ষু অবস্থায় চিলির লস আন্দেজ টাউনের কাছে পাওয়া যায়। এলাকাটি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৮০ কিমি পূর্বে অবস্থিত বলে বিবিসি জানিয়েছে।
বিষাক্রান্ত পাখিগুলোর মধ্যে ২টির মৃত্যু হয়েছে, বাকি ১৮টিকে পশু হাসপাতালে চিকিৎসা দেয়ার পর সেগুলো সুস্থ্য হয়ে উঠছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মৃত গরু, শিয়াল বা পুমার বিষাক্ত মাংস খাওয়ার মাধ্যমে শকুনগুলো অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
অনেক উঁচুতে মুক্তভাবে উড়তে পারার জন্য খ্যাত এই পাখিগুলোকে নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় পাথরে ধাক্কা খেতে দেখে বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আনে প্রত্যক্ষদর্শীরা।
