ভারতের বিরুদ্ধে সীমান্তে হামলার অভিযোগ পাকিস্তানের, দূত তলব
ভারতীয় বাহিনী কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।
ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তান শাসিত কাশ্মীরে রাওয়ালাকোটের বাত্তাল সেক্টরে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ।
এনডিটিভি জানিয়েছে, এ ঘটনার প্রতিবাদ জানাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার বিকালে ভারতীয় উপ হাই কমিশনার গোপাল বাগলেকে ডেকে পাঠায়।
পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে রাওয়ালকোটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ওই পাক সেনা নিহত হওয়ার কথা বলা হয়। সেইসঙ্গে ভারতকে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানানো হয়। তাছাড়া, পাকিস্তানও ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এতে।
রাওয়ালকোটে গুলির ঘটনার আগে রোববার দিনে ভারতের সেনারা সীমান্তে গুলি চালায় বলে অভিযোগ করেছে পাকিস্তান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত ৬ জুলাই ভারত অভিযোগ করে, জম্মু-কাশ্মির সীমান্তের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনাদের হামলায় তাদের পাঁচ সেনা নিহত হয়েছে। এরপর থেকে প্রতিশোধ হামলা চালাচ্ছে ভারত। তবে, পাকিস্তান ওই হামলার কথা অস্বীকার করেছে।
