ইরাকে হামলার দায় স্বীকার আল কায়েদার, আরো হামলার হুমকি
ইরাকে শনিবারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৮০ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট গ্রুপ ‘ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল)।
সরকারকে সতর্ক করে দিয়ে আইএসআইএল বলেছে, সন্দেহভাজন জঙ্গি ধরপরকড় চলতে থাকলে সরকারকে আরো সহিংসতার মুখে পড়তে হবে।
জিহাদি ফোরামে প্রকাশিত এক বিবৃতিতে দলটি ঈদের দিনগুলোতে রাজধানী বাগদাদজুড়ে এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে হামলার দায় স্বীকার করে।
এতে বলা হয়, দ্রুত বার্তা ছড়িয়ে দিতেই ইসলামিক স্টেট বাগদাদ ও এর দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ওই অভিযান চালায়।
শনিবার বাগদাদের কয়েকটি বাজার এবং ব্যস্ত রাস্তায় দফায় দফায় ১২টি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়।
এছাড়া, বাগদাদের দক্ষিণ-পূর্ব জিসার দিয়ালা, উত্তরের তুজ খুরমাতো, দক্ষিণ-পূর্বের নাসিরিয়াসহ অন্যান্য এলাকায় বোমা হামলায় নিহত হয় আরো মানুষ।
রমজান মাসের শুরু থেকেই ইরাকে বোমা হামলা বেড়েছে। জুলাইয়ে হামলায় নিহত হয়েছে ১ হাজারেরও বেশি মানুষ।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইরাকে ২০০৮ সালের পর এক মাসে নিহতের সংখ্যা এটিই সর্বোচ্চ।আর সারা বছরে এ ধরনের বোমা হামলায় ইরাকে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে।
