২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় এ সপ্তাহে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু করতে দীর্ঘদিন ধরে আটক ২৬ ফিলিস্তিনি বন্দি মুক্তির ঘোষণা দিয়েছে ইসরায়েল।
মন্ত্রীদের একটি কমিটি এই ফিলিস্তিনি বন্দিদের নামের তালিকাসহ বিস্তারিত বিবরণ প্রকাশ করে তাদেরকে মঙ্গলবার মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে।
ইসরায়েল সরকার সেদেশের নাগরিকদের জন্য অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে প্রায় ১২০০ নতুন বসতবাড়ি নির্মাণের অনুমতি দিয়ে শান্তি আলোচনায় অন্তর্ঘাতী তৎপরতা শুরু করেছে বলে ফিলিস্তিনিরা অভিযোগ করেছে। এ অভিযোগের মুখে ইসরায়েল ২৬ ফিলিস্তিনি বন্দি মুক্তির ঘোষণা দিল।
রোববার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৬ বন্দিকে মুক্তি দেয়া হবে। এদের মধ্যে কেউ ফের ইসরায়েল-বিরোধী তৎপরতা চালালে তাকে আবার ধরে এনে সাজার মেয়াদ পূর্ণ করা হবে।
এতে আরো বলা হয়, ইসরায়েল কারা কর্তৃপক্ষের প্রকাশিত নামের তালিকা অনুযায়ী, অন্তত ৪৮ ঘণ্টার মধ্যে বন্দিদের মুক্তি দেয়া হবে। বন্দিদের পরিবারের সদস্যরা এ মুক্তির খবর জানার পর ১৪ জনকে পাঠানো হবে গাজায় এবং ১২ জনকে পাঠানো হবে পশ্চিম তীরে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির দীর্ঘ প্রচেষ্টা এবং মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিন নতুন করে শান্তি আলোচনায় বসতে রাজি হয়। এ সমঝোতা চুক্তির আওতায় মোট ১০৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয় ইসরায়েল। এরই প্রথম ধাপে ২৬ জন বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে।
এর আগে ইসরায়েল ক্ষমতাসীন কোয়ালিশনের কট্টর ডানপন্থি সদস্যদের তুষ্ট করতে রোববার পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ১ হাজার ১৮৭ টি নতুন বসতবাড়ি নির্মাণের অনুমোদন দেয়।
বিষয়টি নিয়ে ফিলিস্তিনের অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র মার্ক রেগেভ বলেন, ভবিষ্যৎ শান্তি চুক্তিতে ইসলায়েল তাদের অংশ হিসাবে যে জায়গাগুলো রাখতে চায় এ সমস্ত নতুন বাড়ি সেখানেই নির্মাণ করা হবে।
ফিলিস্তিনিদের নতুন রাষ্ট্র গড়ার কাঙ্খিত জায়গাটিতেই ইসরায়েলের ইহুদি বসতিস্থাপনের বিষয়টি দু’পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচে বড় বাধা হয়ে আছে। ইহুদি বসতি নির্মাণকে কেন্দ্র করেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সর্বশেষ সরাসরি শান্তি আলোচনা ভেস্তে গিয়েছিল ২০১০ সালের সেপ্টেম্বরে।
