২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২০০ নতুন ইহুদি বসতি অনুমোদন ইসরায়েলের

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে নতুন করে প্রায় ১২০০ ইহুদি বসতবাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 08:25 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

ইসরায়েলি নাগরিকদের চাহিদা পূরণ করতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে এ সমস্ত বাড়ি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন আবাসন মন্ত্রী ইউরি এরিয়াল।

জেরুজালেমে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন পর নতুন করে শান্তি আলোচনা শুরুর মুহূর্তে ইসরায়েল এ পদক্ষেপ নিল।

ফিলিস্তিনি আলোচক সায়েব ইরাকাত এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইসরায়েলের এ পদক্ষেপে শান্তি প্রক্রিয়ায় তাদের আন্তরিকতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইহুদি বসতি নির্মাণকে কেন্দ্র করেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সর্বশেষ সরাসরি শান্তি আলোচনা ভেস্তে গিয়েছিল ২০১০ সালের সেপ্টেম্বরে।

ফিলিস্তিনিদের নতুন রাষ্ট্র গড়ার কাঙ্খিত জায়গাটিতেই ইসরায়েলের ইহুদি বসতিস্থাপনের বিষয়টি দু’পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচে বড় বাধা হয়ে আছে।

যুক্তরাষ্ট্রের চেষ্টায় সম্প্রতি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরুর সম্ভাবনার এ সময়টিতে ফের অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের নতুন বসতবাড়ি নির্মাণের ঘোষণায় সে আশা অঙ্কুরেই বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।