পুতিন ‘বিরক্তিকর শিশু’র মতো: ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো কখনো ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকা ‘বিরক্তিকর শিশু’র মতো।
মস্কোয় আগামী মাসে অনুষ্ঠেয় বৈঠক বাতিলের পর পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় বলে দাবি করলেও রুশ প্রেসিডেন্ট সম্পর্কে এ মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার আশ্রয় দেয়া নিয়ে দু’দেশের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব চলার মধ্যে শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবামা এমন মন্তব্য করলেন।
স্নোডেনের ঘটনাসহ আরো কয়েকটি ইস্যু নিয়ে বিরোধের জেরে আগামী মাসে রাশিয়ায় পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেছেন ওবামা।
অবশ্য একারণে পুতিনের সঙ্গে তার সম্পর্ক খারাপ নয় এবং তার সঙ্গে আলোচনাও সত্যিই ফলপ্রসূ ও গঠনমূলক হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ওবামা।
কিন্তু পরক্ষণেই তিনি বলেন, “আমি জানি সাংবাদিকরা বডি ল্যাঙ্গুয়েজের ওপর গুরুত্ব দেন। পুতিনেরও এ ধরনের একটি ক্লান্তিকর ভঙ্গি আছে। তাকে অনেকটা ক্লাসরুমের শেষ বেঞ্চে বসা বিরক্তিকর শিশুর মতো দেখায়”।
ওবামার এ মন্তব্য সম্পর্কে মস্কো তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
