পাকিস্তানে ঈদের দিনে বন্দুকধারীদের গুলিতে নিহত ৯
পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বৃহস্পতিবারের ভয়াবহ বোমা হামলার পরদিন আবার বর্বর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার ঈদের জামাত শেষ মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় বন্দুকধারীদের নির্বিচার গুলিতে নিহত হয়েছে অন্তত ৯ জন।আহত হয়েছে প্রায় ২০ জন।
এর আগের দিন কোয়েটার একটি মসজিদে এক পুলিশের দাফনানুষ্ঠান শুরুর মুহূর্তে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিল।
স্থানীয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বশির আহমেদ ব্রহি জানান, ঈদের জামাত শেষে মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে আসার সময় চার বন্দুকধারী গুলি শুরু করে।এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। বাকীরা মারা যায় হাসপাতালে নেয়ার পর।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক প্রাদেশিক মন্ত্রী আলী মাদাদ জাত্তক মসজিদের ভেতরে ছিলেন এবং তাকে লক্ষ্য করেই হয়ত এ হামলা হয়ে থাকতে পারে বলে জানান বশির। তবে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
এ ঘটনায় জাত্তক অক্ষত থাকলেও তার গাড়িতে গুলি লেগেছে। হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ইতোমধ্যেই নিজ নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার ব্যাপারে সতর্ক করেছে এবং লাহোরের মার্কিন কনস্যুলেট থেকে অ-গুরুত্বপূর্ণ স্টাফদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
