পাকিস্তানে দাফনানুষ্ঠানে বোমা হামলা, নিহত ২৯
পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক পুলিশের দাফনানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৫ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ ২৯ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবারের এই হামলায় হতাহতের এ সংখ্যা জানান প্রদেশের চিফ সেক্রেটারি বাবর ইয়াকুব ফতেহ মোহাম্মদ।
নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিহত হন কোয়েটা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল।
আত্মঘাতী হামলাকারীরা জ্যাকেটের ভেতরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বন্দুকধারীদের গুলিতে নিহত এক পুলিশের দাফনানুষ্ঠান চলার সময় মসজিদের বাইরে এ বোমা হামলা হয়।
হামলার জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা তালেবান জঙ্গিসহ বিভিন্ন জাতিগত গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের আখড়া।
