বাজবুগের কারাদণ্ড নিয়ে তুরস্কে বিভক্তি
তুরস্কে অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে সাবেক সেনাপ্রধান জেনারেল ইলকার বাজবুগসহ আরো ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে বিভক্ত জাতি।
পাঁচ বছর ধরে চলা এ মামলা এরদোয়ান সরকার ও সেক্যুলারপন্থিদের বিরোধের প্রতীক হয়ে উঠেছে। বিভক্ত হয়ে পড়েছে জনমত।
প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সরকারকে উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনাপ্রধান বাজবুককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। খবরে বলা হয়, এ মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়েছে আদালত। এর মধ্যে বিরোধী দলীয় এমপি’রাও আছেন, যাদের ১২ থেকে ৩৫ বছর মেয়াদে দণ্ডাদেশ দেয়া হয়েছে। খালাস পেয়েছে ২১ জন।
মামলার কৌঁসুলিরা জানান, ‘এগেনোকান’ নামে সেক্যুলারপন্থি জাতীয়তাবাদীদের একটি গোপন সংগঠন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বোমাবাজির মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থান করতে চেয়েছিল।এরদোয়ান একে অগণতান্ত্রিক শক্তির সঙ্গে তুলনা করে বলেছেন, তার ইসলামপন্থি একে পার্টি এর মূলোত্পাটন করতে পেরেছে।
কিন্তু প্রধান বিরোধী দল ‘রিপাবলিকান পিপলস পার্টি’সহ (সিএইচপি) সরকারের অন্যান্য সমালোচকরা বলছেন, এর মাধ্যমে সরকার বিরোধীদের কন্ঠরোধ করাসহ সেক্যুলারপন্থিদের দমন করেছে। বিচারকরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারের রায় দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।
ওদিকে সরকার বলছে, দেশে বেসামরিক শাসন অক্ষুন্ন রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ছিল।কারণ, এগেনোকান কে ছেড়ে দেয়া হলে তারা আরেক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করত। ১৯৬০ সাল থেকে তুরস্কের সামরিক বাহিনী ৪ টি সরকারকে উৎখাত করেছে।
তুরস্কে গভীর রাজনৈতিক বিভেদ এবং দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে বাজবুগ মামলার রায় এ বিভক্তি আরো বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, এরদোয়ানের একে পার্টির বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার মধ্যে আগামী দিনগুলোতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এমন আরো বিচার হতে পারে।
এরদোয়ানের একে পার্টি ২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীর সঙ্গে উত্তেজনা বেড়েছে। এ পরিস্থিতির মধ্যে ইস্তাম্বুলে একটি অস্ত্রভান্ডারের খোঁজ পাওয়া থেকে বাজবুগ মামলা শুরু হয়।
প্রথমে এ মামলাকে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বন্ধের পদক্ষেপ হিসাবে মানুষ একে সমর্থনও জানায়। কিন্তু পরে এ মামলায় সরকারের ঘোর সমালোচকদের সংখ্যা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয়।
দীর্ঘদিন সময় নিয়ে ভুয়া তথ্যপ্রমাণ, ভূয়া দলিলের ভিত্তিতে মামলা পরিচালিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার গ্রুপগুলোও সরকারের এ মামলা পরিচালনার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
