পাকিস্তানে অস্ত্রধারীদের গুলিতে নিহত ১৪
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অস্ত্রধারীদের গুলিতে ১৩ জন বাসযাত্রী ও নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।
সোমবার রাতে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলের মাচ এলাকায় এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও দ্য ডন জানিয়েছে।
প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আকবর হুসেইন দুররানি জানান, বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা রাস্তা অবরোধ করে। তারা প্রথমে একটি টহলগাড়িতে থাকা নিরাপত্তা বাহিনীর ৫ সদস্যকে আটক করে অস্ত্র কেড়ে নেয়।
এরপর তার দুটি পাঞ্জাবগামী বাস আটক করে ১৩ জন শ্রমিককে নামিয়ে নিয়ে যায়।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিলে বিদ্রোহী-জঙ্গিরা রকেট ছুঁড়ে। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হন। পরবর্তী সময়ে তারা অপহৃত যাত্রীদের পাহাড়ের কাছে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে।
পাঞ্জাব প্রদেশের লোকজনকে লক্ষ করেই এই হত্যাকাণ্ড চালানো হয়, যারা বেলুচিস্তানে কাজ করতো।
স্থানীয় কর্মকর্তা কাসিফ নবি নিহতের ঘটনা নিশ্চিত করে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন।
