২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি বাহিনীর অভিযানে ১১ জঙ্গি নিহত

জুলাইয়ে একটি তল্লাশি চৌকিতে রক্তাক্ত হামলার সূত্র ধরে জঙ্গিবিরোধী বড় ধরনের অভিযান চালিয়েছে ইরাকি সেনাবাহিনী। অভিযানে ১১ জঙ্গি নিহত ও আরো বহু জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2013, 02:57 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার রাজধানী বাগদাদের ১৬০ কিমি উত্তরের সুলেমান পেক টাউনে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইরাকের সামরিক সূত্রগুলো।

অভিযানে বাড়িতে বাড়িতে তল্লাশি চালানোর সময় জঙ্গিরা গোলাগুলি শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় সেনাদের পাল্টাগুলিতে জঙ্গিরা নিহত হয়।

অনেক জঙ্গি আত্মঘাতী বিস্ফোরক শরীরে বেঁধে নিয়েছিল বলে জানিয়েছে সূত্রগুলো।

অভিযানে কয়েক হাজার সেনা ও বেশ কয়েকটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। চলতি বছর ইরাকে চালানো জঙ্গিবিরোধী অন্যতম বড় অভিযান হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।

জুলাইয়ে বাগদাদ থেকে উত্তরাঞ্চলের পথে একটি প্রধান সড়কের অস্থায়ী তল্লাশি চৌকিতে ১৪ জন শিয়া ট্যাঙ্কলরি ড্রাইভারকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ওই হামলার প্রতিক্রিয়ায় সোমবারের অভিযানটি চালানো হয়।

এছাড়া একইদিন বাগদাদ থেকে ৪২০ কিমি উত্তরপশ্চিমে তেল আফার টাউনে এক গাড়িবোমা বিস্ফোরণে চারজন নিহত ও সাতজন আহত হন। বাগদাদে একটি বেকারির কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে আরো চারজন নিহত ২১ জন আহত হন।

জুলাই মাসে ইরাকজুড়ে বিভিন্ন হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে গত সপ্তাহে জানিয়েছে জাতিসংঘ। ২০০৮ সালের পর থেকে একমাসে নিহতের এ সংখ্যাটিই সর্বোচ্চ।