সেরে উঠছেন এলটন জন
অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেনডিক্স অপসারণের পর সেরে উঠছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্যার এলটন জন।
সোমবার এলটনের জনসংযোগ কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
বৃহস্পতিবার মোনাকোর প্রিন্সেস গ্রেস হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। এরপর ৬৬ বছর বয়সী এই শিল্পী ফ্রান্সের নিসে তার বাড়িতে ফিরে যান। সেখানে দ্রুত সুস্থ্য হয়ে উঠছেন তিনি।
এলটন তার শরীরে অ্যাপেনডিসাইটিসের সমস্যা ধরা পড়ার পর পরিকল্পিত গ্রীষ্মকালীন ধারাবাহিক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন।
চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগে “প্রচণ্ড ব্যথা” নিয়েই দশটি অনুষ্ঠানে তিনি গান গেয়েছেন বলে জানিয়েছেন। এ সময়ের অভিজ্ঞতায় নিজেকে টাইম বোমার সঙ্গে তুলনা করেছেন তিনি।
“টিকটিক করা একটি টাইম বোমা ছিলাম আমি। আমার মনে হয়েছিল যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। বেঁচে আছি এজন্য অনেক ভাগ্যবান ও কৃতজ্ঞ বোধ করছি,” বলেন তিনি।
সেপ্টেম্বরের মধ্যেই তিনি মঞ্চে সঙ্গীত পরিবেশন করার মতো সুস্থ্য হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
