২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ব্রাদারহুড নেতাদের দেখতে গেলেন কূটনীতিকরা

মিশরে কারাগারে আটক মুসলিম ব্রাদারহুডের শীর্ষ এক নেতার সঙ্গে দেখা করেছেন সফররত পশ্চিমা ও আরব প্রতিনিধিরা। প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতিতে সৃষ্ট সঙ্কট সামাল দিতে আর্ন্তজাতিক এই প্রতিনিধিরা এখন মিশরে অবস্থান করছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Aug 2013, 11:57 AM

Updated : 23 Aug 2022, 06:40 PM

মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এমইএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার কারাগারে গিয়ে ওই ব্রাদারহুড নেতার সঙ্গে দেখা করেন প্রতিনিধিরা।

এমইএনএ আন্তর্জাতিক প্রতিনিধিদের পরিচায় প্রকাশ না করলেও এই প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সংযুক্ত আরব আমিরাত ও কাতারের দূতরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে উল্লেখিত দেশগুলোর প্রতিনিধিদের সফরের কথা অস্বীকার করেছিল মিশর সরকার।

সোমবার প্রথম প্রহরে ব্রাদারহুডের দ্বিতীয় শীর্ষ নেতা খাইরাত আল সাত্তারের সঙ্গে দেখা করেন তারা। প্রধান সরকারি আইন কর্মকর্তার অনুমতি পাওয়ার পর বন্দি এই নেতার সঙ্গে দেখা করতে তারা রাজধানী কায়রোর দক্ষিণে তোরা কারাগারে যান।

এ বিষয়ে এমইএনএ আর বিস্তারিত কিছু না জানালেও আল জাজিরা টেলিভিশনের এক প্রতিবেদনে ওই বৈঠক হয়েছে বলে জানানো হয়েছিল।

মিশরের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে মুরসিকে জয়ী হতে সহায়তা করা ব্রাদারহুডের দ্বিতীয় শীর্ষ নেতা সাত্তার। তাকে ব্রাদারহুডের প্রধান রাজনৈতিক কৌশল নির্ধারক বলে মনে করা হয়। মুরসির পতনের পর সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে সাত্তারকে গ্রেপ্তার করা হয়।

কয়েকদিনব্যাপী ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পর নির্বাচিত ইসলামপন্থি প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে মুসলিম ব্রাদারহুডসহ মুরসি সমর্থকদের লাগাতার প্রতিবাদ বিক্ষোভ ও এ নিয়ে সৃষ্ট সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৩শ’ জন নিহত হয়।

ব্যাপক রক্তপাত ও পরস্পরবিরোধী প্রতিবাদ-বিক্ষোভে মিশরে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।

এ অবস্থায় মিশরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা ও আরব দেশগুলো পরিস্থিতি স্বাভাবিক করতে মধ্যস্থতা করার জন্য নিজ নিজ প্রতিনিধি পাঠায়।

সেনাসমর্থিত সরকার রোববার জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যস্থতা করার জন্য তারা সুযোগ দেবে, তবে বেশি সময় নেয়া যাবে না বলেও সতর্ক করে।

মুরসির ক্ষমতাচ্যুতির প্রতিবাদে হাজার হাজার মুরসি সমর্থক কায়রোর একটি মসজিদের সামনে অবস্থান নিয়ে লাগাতার বিক্ষোভ প্রদর্শন করে আসছে। এই প্রতিবাদকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করে বিক্ষোভকারীদের অবস্থান ছেড়ে যেতে বলেছে সরকার।

কিন্তু সেনাবাহিনীর রক্তক্ষয়ী অভিযান সত্ত্বেও অবস্থান ছেড়ে যায়নি মুরসি সমর্থকরা। ওই সেনা অভিযানে অন্তত ৭২ জন নিহত হয়।

এই বিস্ফোরণ্মুখ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন মিশর সফররত পশ্চিমা ও আরব প্রতিনিধিরা।