মুগাবের জয় ঘোষণা, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রবার্ট মুগাবের জয় ঘোষণা হয়েছে।এ নিয়ে মুগাবে সপ্তমবারের মতো দেশের প্রেসিডেন্ট হচ্ছেন। বিরোধী পক্ষ এ নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে। ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জিম্বাবুয়ের নির্বাচনে জনরায়ের প্রকৃত বা বিশ্বাসযোগ্য প্রতিফলন ঘটেনি বলে উদ্বেগ প্রকাশ করেছেন।
যুক্তরাজ্যও নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং নির্বাচনের অনিয়মের সব অভিযোগ তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে।
গত বুধবার জিম্বাবুয়েতে একই সঙ্গে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৯ বছর বয়স্ক রবার্ট মুগাবে পান ৬১ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী মর্গান স্যাঙ্গিরাই পান ৩৪ শতাংশ ভোট।
স্যাঙ্গিরাই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে এর বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও হুশিয়ারি দিয়েছেন।
