আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেট লক্ষ্য করে হামলা
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে ভারতীয় কনস্যুলেট লক্ষ্য করে আত্মঘাতী হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৩ জন।
শনিবার সকাল ১০টার দিকে এ হা্মলা হয়। তবে এতে কোনো ভারতীয় নাগরিক নিহত হননি।
আল-কায়েদার হামলার আশঙ্কার কথা জানিয়ে যুক্তরাষ্ট্র শুক্রবার বিশ্বব্যাপী তাদের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারির পরদিনই এ হামলা হলো। সন্ত্রাসী হামলার আশঙ্কায় আগামী রোববার আফগানিস্তানসহ বিশ্বের ২১টি দেশে দূতাবাস বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে তারা।
ভারত সরকার কনস্যুলেটে আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ কোনো গোষ্ঠী নয়, হামলার পিছনে বাইরের শক্তি কাজ করেছে বলে মনে করছে তারা।
হামলায় হতাহতদের সবাই সাধারণ নাগরিক। তবে একজন আফগান সেনাও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
নাঙ্গারহর প্রদেশের গভর্নর গুল আঘা শেরজাইয়ের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, একটি গাড়িতে করে তিন হামলাকারী কনস্যুলেটের দিকে এগোতে থাকে। কনস্যুলেটের প্রবেশপথে তাদের বাধা দিলে হামলার ঘটনা ঘটনা ঘটে।
দুই হামলাকারী গাড়ি থেকে নেমে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় অন্যজন গাড়ির মধ্যে বিস্ফোরণ ঘটায়।
বোমা বিস্ফোরণে কাছাকাছি স্থানের একটি মসজিদ, বেশ কয়েকটি বাড়ি ও দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হতাহতদের অধিকাংশই মসজিদের ভিতর থেকে বেরিয়েছিলেন বা তার ভিতরে ছিলেন বলে বিবিসি জানিয়েছে।
ভারতীয় দূতাবাসের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দীন এক টুইটে বলেন, “জালালাবাদে ভারতীয় দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটেছে। ভারতীয় সব কর্মকর্তা-কর্মচারী নিরাপদে রয়েছেন।”
প্রাদেশিক পুলিশ প্রধান মোহাম্মাদ শরীফ আমিন বলেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী ভারতীয় কনস্যুলেট ও একটি মসজিদের মধ্যবর্তী স্থানে এসে বিস্ফোরণ ঘটায়।
হামলার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ হামলায় আবোরো প্রমাণ হয়েছে, আফগান সীমান্তের ওপার থেকে দেশটিতে অব্যাহতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এবং এটাই আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রভাব বিস্তার নিয়ে গত কয়েক বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে।
শনিবার সকালে ভারতের মেইল টুডের এক প্রতিবেদনে বলা হয়, কাবুলে ভারতীয় রাষ্ট্রদূত সম্প্রতি বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাকে হত্যার জন্য হাক্কানি জঙ্গি গোষ্ঠীকে অর্থ দিয়েছে।
এর আগে ২০০৮ ও ২০০৯ সালে দুই দফায় কাবুলে ভারতীয় দূতাবাসে সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়।
