ইরানের প্রেসিডেন্টে হিসেবে অভিষেক হচ্ছে রুহানির
ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানির। তিনি বিদায়ী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।
দাপ্তরিকভাবে শনিবার থেকেই ইরানের প্রেসিডেন্ট হিসেবে রুহানির মেয়াদ শুরু হলেও অভিষেক অনুষ্ঠান হবে রোববার।
ওই দিন ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট পদে তাকে অভিষিক্ত করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
প্রেসিডেন্ট হিসেবে আহমাদিনেজাদের শেষ দিন ছিল শুক্রবার।
এর মাধ্যমে পরপর দুই মেয়াদে নির্বাচিত ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট আহমাদিনেজাদের অধ্যায় শেষ হল।
১৪ জুন প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী রুহানি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচিত হয়েই তিনি ইরানে সংস্কার ও দেশটির আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
৬৪ বছর বয়সী রুহানি ইরানের প্রধান নিউক্লিয়ার বিষয়ক মধ্যস্থতাকারী ছিলেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের আগে তিনি ইসলামি রাজনৈতিক আন্দোলনের কর্মী ছিলেন।
