নজরদারিতে থাকবে এভারেস্ট আরোহীরা
বিশ্বের সবোর্চ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট আরোহন অভিযানে নজরদারি বাড়াচ্ছে নেপাল। কড়াকড়ি আরোপ করা হবে পর্বতারোহনের নিয়মকানুনেও।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি পর্বতারোহনের রেকর্ডসহ বেশ কিছু বিষয় নিয়ে একের পর এক বিতর্ক সৃষ্টির পর বেইস ক্যাম্পে প্রথমবারের মতো সরকারি পর্যবেক্ষক বসানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল।
আর আগামী বসন্তকালীন মৌসুম থেকে তা কার্যকর হবে।
সম্প্রতি নেপালে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ওঠার রেকর্ড নিয়ে এবং সহায়তাকারী শেরপাদের সঙ্গে অভিযাত্রীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
নেপাল পর্যটন সংস্থার প্রধান পুরমা চন্দ্রা ভাটারি বলেন, “এভারেস্টের বেইস ক্যাম্পে একটি পূর্ণাঙ্গ সরকারি তদারকি দল থাকা প্রয়োজন। এটা একটি সমন্বয়কারী দল হিসেবে অভিযাত্রীদেরকে যোগাযোগ ও নিরাপত্তা বিষয়ে সহায়তা দেবে।”
বর্তমান নিয়ম অনুযায়ী এভারেস্টে আরোহন এবং রেকর্ড গড়ার বিষয়টি সমন্বয় করে থাকেন একজন সরকারি কর্মকর্তা। সেক্ষেত্রে ওই কর্মকর্তারা অভিযানে না গিয়ে কাঠমান্ডুতেই বসে থাকেন বলে অভিযোগ রয়েছে।
ভাটারি বলেন, নতুন নিয়ম চালু হলে সমন্বিত সেবা কেন্দ্রের কর্মকর্তারা সমন্বয় কর্মকর্তাদের সঙ্গে করবে। তারা অভিযাত্রীদের অনুমোদনপত্র যাচাই ও তারা সঠিক উচ্চতায় পৌঁছালো কিনা তা পর্যকবেক্ষণ করবেন।
এছাড়া আকস্মিক কোনো রেকর্ড সৃষ্টির ঘোষণা না দিয়ে অভিযাত্রীদেরকে তাদের রেকর্ডের লক্ষ্যমাত্রা সম্পর্কে আগেই ঘোষণা দিতে হবে নতুন নিয়মে।
