ফেইসবুকের শেয়ারের দাম বেড়েছে
মুঠোফোনে (সেলফোন) বিজ্ঞাপনের আয় বাড়ার ফলে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের শেয়ারের দাম ১৮ শতাংশ বেড়েছে।
প্রতিষ্ঠানটি মুঠোফোনে বিজ্ঞাপনের আয় নিয়ে যা প্রত্যাশা করেছিল, বাস্তবে তাদের আয় সেই প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়ার ফলে শেয়ারের মূল্য বেড়ে যায়।
ফেইসবুক তাদের এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদনে ৩৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার মুনাফার তথ্য প্রকাশ করেছে বলে বিবিসি জানিয়েছে।
ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এক বিবৃতিতে বলেন, “মোবাইলে ফেইসবুক ব্যবহারের অভিজ্ঞতাকে সর্বোত্তম করতে আমরা যে কাজ করেছি, তার আশাতীত ফল পাচ্ছি। এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরী করে দিয়েছে।”
প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড ইবার্সম্যানের ভাষ্য অনুযায়ী, গত জুনে ফেইসবুক ব্যবহারকারীরা প্রতি দিন ২০ বিলিয়ন মিনিট সময় ব্যয় করেছেন।
প্রতিষ্ঠানের উপার্জন নিয়ে আলোচনার জন্য এক আহ্বানে জুকারবার্গ বলেন, “এই ত্রৈমাসিকে পাবলিক কোম্পানি হিসেবে আমাদের প্রথম বছর শেষ হচ্ছে। এবং আমি মনে করি আমরা ভবিষ্যতের জন্য একটি ভালো ভিত্তি তৈরী করেছি।”
বর্তমানে শেয়ারবাজারে ফেইসবুকের শেয়ারের মূল্য ৩৮ ডলার ছাড়িয়ে গেছে। এরফলে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এরআগে প্রতিষ্ঠানটির শেয়ারে ধস নামে।
কিন্তু কয়েকদিন আগে জুকারবার্গ ফেইসবুকের আশাতীত মুনাফার তথ্য প্রকাশ করার পর পুঁজিবাজারে এর দর বাড়তে থাকে।
