জিম্বাবুয়ের নির্বাচনে মুগাবে-স্যাঙ্গিরাই তীব্র লড়াই
জিম্বাবুয়ের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।ভোটকেন্দ্র গুলোতে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন।প্রেসিডেন্ট নির্বাচনে এবার তৃতীয় দফায় রবার্ট মুগাবের বিরুদ্ধে লড়ছেন প্রধানমন্ত্রী মর্গান স্যাঙ্গিরাই।
জানু-পিএফ পার্টির প্রবীণ প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ৩৩ বছরের ক্ষমতা থেকে এবার নির্বাচনে হারিয়ে ‘অবসরে’ পাঠানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ‘মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ’(এমডিসি) নেতা স্যাঙ্গিরাই।
প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে।বুধবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত । নির্বাচনে দেশটির ৬৪ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোট গ্রহণ শেষের পর পাঁচ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে নির্বাচর দ্বিতীয় দফায় গড়াতে পারে।
স্যাঙ্গিরাইয়ের নেতৃত্বাধীন ‘এমডিসি’ এরই মধ্যে নির্বাচনে জালিয়াতির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে।
ওদিকে, কোন নির্ভরযোগ্য কোনো জনমত জরিপ না থাকায় স্যাঙ্গিরাই তৃতীয়বারের এ লড়াইয়ে ৮৯ বছর বয়সী মুগাবেকে সরিয়ে ক্ষমতায় আসতে পারবেন কিনা তাও বলা কঠিন।
মুগাবে এবং স্যাঙ্গিরাই দুই শিবিরই এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পূর্বাভাস দিলেও
নির্বাচনী সহিংসতার দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ এ দেশটিতে এখন পরাজিত শিবির নির্বাচনের ফল মেনে নেবে কিনা, সেটিই বড় প্রশ্ন।মুগাবে অবশ্য বলেছেন তার দল হেরে গেলে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।
