২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালাক্সি এসফোর বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা

স্যামসাং কোম্পানির ‘গ্যালাক্সি এসফোর’ মোবাইল হ্যান্ডসেট বিস্ফোরণের পর হংকংয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক দম্পতি। তবে বিস্ফোরণে তাদের পুরো ঘর পুড়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 10:14 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

চীনের জিয়ানগু ডটকমকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত হাফিংটনপোস্ট এ খবর দিয়েছে।

ডু নামে ওই ব্যক্তি জিয়ানগু ডটকমকে জানিয়েছেন, তিনি লাভ ম্যাশিন নামে একটি মোবাইল গেম খেলছিলেন। এ সময় শব্দ করে তার মোবাইলের ব্যাটারি বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে তিনি মোবাইল ফোন সেটটি পাশের সোফায় ছুড়ে ফেললে সেখানে আগুন লেগে যায়।

নিজেরা কোনোরকম জখম ছাড়া বেরিয়ে আসতে পারলেও ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান ডু।

ডু’র দাবি, তার ফোনসেট, চার্জার ও ব্যাটারি সবই স্যামসাংয়ের সরবরাহ করা। আর বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটির হংকং অফিস।

এর আগেও গত মাসে আইফোন ফাইভে চার্জ দেয়া অবস্থা কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনার পর অ্যাপল কর্তৃপক্ষ গ্রাহকদের চার্জ দেয়া অবস্থা কথা না বলার পরামর্শ দিয়েছে।