২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট মামনুন হুসাইন

পাকিস্তানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল পিএমএল-এন প্রার্থী মামনুন হুসাইন।পাকিস্তানের রাষ্ট্রীয় টিভি এ খবর দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 07:00 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

‘দ্য ডন’ জানায়, মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনের অনানুষ্ঠানিক ফলে দেখা গেছে, জাতীয় পরিষদ এবং সিনেটে ২৭৭ টি ভোট পেয়েছেন হুসাইন।নির্বাচনে জয়লাভের জন্য তার প্রয়োজন ছিল ২৬৩ ভোট।

প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এ নির্বাচনে অংশ না নিলেও ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনাসাফ (পিটিআই) প্রতিদ্বন্দ্বিতা করেছে।

পার্লামেন্টের উভয় কক্ষের আইনপ্রণেতারাসহ চারটি প্রাদেশিক পরিষদের সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছে।হুসাইনের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআই প্রার্থী ওয়াজিহুদ্দিন।

দুপুর ৩ টায় ভোট শেষের পরই অনানুষ্ঠানিক ফলে হুসাইনের জয়ের খবর জানায় রাষ্ট্রীয় টিভি।

এনডিটিভি জানায়, ৭৩ বছর বয়সী হুসাইনের জন্ম ভারতে।উপমহাদেশ ভাগের আগে তিনি ভারতে জন্মেছিলেন।পরে তার পরিবার পাকিস্তানের করাচিতে চলে যায়।

হুসাইন পেশায় একজন ব্যবসায়ী এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ আস্থাভাজন।১৯৯৯ সালে তিনি সিন্ধু প্রদেশের গভর্নর ছিলেন।

শরীফের প্রতি আনুগত্য এবং তুলনামূলক কম পরিচিতির কারণে প্রেসিডেন্ট নির্বাচনে হুসাইনের এ জয় প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আরো সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মতো নেপথ্যে থেকে রাজনীতির কলকাঠি নাড়ার সুযোগ পাবেন না হুসাইন।

জারদারির প্রেসিডেন্সির মেয়াদ শেষ হচ্ছে ৮ সেপ্টেম্বরে।সাবেক সামরিক শাসক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

২০১০সালে জারদারি সংবিধান সংশোধন করতে রাজি হন।এর ফলে প্রেসিডেন্টের অনেক ক্ষমতাই চলে যায় প্রধানমন্ত্রীর হাতে।