২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বেড়েছে বাঘ

নেপালের বনে রয়েল বেঙ্গল টাইগার অর্থাৎ বাংলার রাজসিক বাঘের সংখ্যা ২০০৯ সালের পর থেকে ৬৩ শতাংশ বেড়ে ১শ’ ৯৮টিতে এসে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 11:17 AM

২০০৯ সাল পর্যন্ত নেপালের বনগুলোতে মাত্র ১শ’ ২১টি বাঘ ছিল বলে বিবিসির এর প্রতিবেদনে বলা হয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত নেপাল ও ভারতের তরাই অঞ্চলে পরিচালিত সরকারি এক জরিপে বাঘের এ সংখ্যা বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।

৬শ’ মাইল ব্যাপী তরাই অঞ্চলটি দক্ষিণ নেপাল থেকে শুরু করে ভারতের বিহার, উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড রাজ্য পর্যন্ত বিস্তৃত।

২০১০ সালে এক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার সরকারগুলো ২০২২ সালের মধ্যে এ অঞ্চলের বনে বসবাসরত বাঘের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন। কিন্তু ক্রমাগত চোরা শিকার ও আবাসন হারানোর কারণে সুন্দর এ প্রাণীটির অস্তিত্ত্ব ক্রমেই হুমকির মুখে পড়ছে।

জরিপে নেপালের সব জাতীয় উদ্যানে বাঘের সংখ্যা বৃদ্ধির বিষয়টি লক্ষ করা গেছে। নেপালের পাঁচটি সংরক্ষিত বনাঞ্চল ও তিনটি বন্যপ্রাণী বিচরণ এলাকা জরিপের আওতাভুক্ত করা হয়েছিল।

এর মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়া জাতীয় উদ্যানে বাঘের সংখ্যা ১৮টি থেকে বেড়ে ৫০টিতে এসে দাঁড়িয়েছে।

২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার পথে এ অর্জনকে একটি “মাইলফলক” বলে উল্লেখ করেছেন নেপালের উল্লসিত কর্মকর্তারা।

নেপালের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের মহাপরিচালক মেঘ বাহাদুর পান্ডে বলেন, “বাঘ নেপালের প্রাকৃতিক সম্পদের এক অপরিহার্য অংশ। আমরা এই অসাধারণ প্রাণীটির বিচরণ এলাকা, শিকার করার সুযোগ ও এর সুরক্ষায় প্রতিশ্রুতবদ্ধ।”

বিশ্বের বনগুলোতে বাঘের সংখ্যা দুইহাজারেরও কম বলে ধারণা করা হয়। এর মধ্যে ৬০ শতাংশই আছে ভারতের বনগুলোতে।

বাঘের প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার বা বাংলার রাজসিক বাঘ শুধু দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের বনগুলোতেই বসবাস করে। কিন্তু সাম্প্রতিককালে বাঘের এই প্রজাতির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।