২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরকে সংঘাত অবসানের আহ্বান ইইউ’র

মিশরের শাসকদেরকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে মুখোমুখি সংঘাত থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Jul 2013, 11:14 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

রাজধানী কায়রোয় বিক্ষোভ সহিংসতায় দুইদিনে ৮০ জন মুরসি সমর্থক নিহত হওয়ার পর ইইউ এ আহ্বান জানাল।

সেনাবাহিনীর অভিযানে মুরসি সমর্থক হতাহতের ঘটনায় গভীর সঙ্কটে পড়েছে মিশর। ভয়াবহ রক্তপাতের পরও মুরসি সমর্থকরা মাঠ ছাড়েনি। সেনা সমর্থিত সরকারের হুমকি উপেক্ষা করে কায়রোয় তিনটি গুরুত্বপূর্ণ স্থানে পদযাত্রা করেছে তারা।

অচলাবস্থা নিরসনে মধ্যস্থতার চেষ্টায় সোমবার কায়রো সফর করেন অ্যাস্টন। সফরকালে সেনা অভ্যুত্থানের মূল নায়ক জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি, অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট এল বারাদি ও পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গে বৈঠক করেন তিনি।

মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির সদস্যদের সঙ্গেও বৈঠক করেন অ্যাস্টন।

এসব বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কায়োরো পৌঁছে অ্যাস্টন গণমাধ্যমকে বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় মুসলিম ব্রাদারহুডসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য চাপ দেবেন তিনি।

এদিকে মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনাকে ভাইস প্রেসিডেন্ট এল বারাদি বলেন, তিনি অ্যাস্টনকে জানিয়েছেন যে, মিশরের বর্তমান নেতারা সঙ্কট এড়িয়ে একটি শান্তিপূর্ণ পথ বের করার যথাসাধ্য চেষ্টা করছে।