২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

পাকিস্তানে পৃথক দুটি অনুষ্ঠানে বিষাক্ত মদ পানের পর অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ২৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে এ ঘটনা ঘটে বলে পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রোববার জানিয়েছে বিবিসি অনলাইন ও ডন ডটকম।

একটি জন্মদিনের অনুষ্ঠান ও অপর একটি অনুষ্ঠানে অবৈধভাবে তৈরি মদ পানের পর এ ঘটনা ঘটে। ঘটনার শিকার অধিকাংশ ব্যক্তিই মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বী শ্রমিক।

গুরুতর অসুস্থদের ফয়সালাবাদ শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বার বার অচেতন হয়ে যাচ্ছেন।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাভেদ আহমেদ খান বলেন, “দুটি অনুষ্ঠানে মৃতের সংখ্যা ১৮ তে এসে দাঁড়িয়েছে। আরো প্রায় ২৪ জন বিষাক্ত মদে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, চেতনা ধরে রাখতে লড়াই করতে হচ্ছে তাদের।”

দুটি ঘটনাই শহরের বাটালা কলোনি এলাকায় ঘটেছে বলে জানান জাভেদ। বৃহস্পতিবার জন্মদিনের অনুষ্ঠানে পাঁচজন মারা যান, একই এলাকায় শুক্রবার একটি পুর্নর্মিলনী অনুষ্ঠানে অপর ১৩ জন মারা যান।

অপর এক পুলিশ কর্মকর্তা আবিদ জাফর জানিয়েছেন, মৃতদের বেশিরভাগই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর মারা গেছেন, অল্প কয়েকজন হাসপাতালে মারা গেছেন ।

পাকিস্তানে প্রকাশ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা আছে। তাই অনেক লোকই নিজ বাড়িতে তৈরি করা সস্তা মদ পান করেন।