আলোচনা শুরুতে এগোল ইসরাইল
বন্দি ১০৪ জন আরবকে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল, যা ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
দুই পক্ষকে শাস্তি আলোচনায় ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার মধ্যে রোববার ইসরায়েলের মন্ত্রিসভা বন্দি মুক্তির এই সিদ্ধান্ত নিয়েছে।
ইতোপূর্বে ফিলিস্তিনের পক্ষ থেকে আলোচনা শুরুর যে শর্তগুলো দেয়া হয়েছিল, বন্দিদের ফিরিয়ে দেয়া ছিল তার একটি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৯৯৩ সালের শান্তিচুক্তির পর থেকে বন্দি হওয়া স্বদেশবাসীর মুক্তির দাবি জানিয়ে আসছিলেন।
১৯৯৩ সালের পর থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল, যাদের অনেকের বিরুদ্ধে জঙ্গি হামলার চালানোর অভিযোগ তেল আবিবের।
ইসরাইলের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানায়, বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার ১৩ জন সদস্য বন্দি মুক্তির পক্ষে এবং সাতজন বিপক্ষে মত দেন। দুজন এবিষয়ে নিরব ভূমিকা রাখেন।
ভোটের আগে নেতানিয়াহু মন্ত্রীদের উদ্দেশে বলেন, “এই মুহূর্তটি আমার জন্য মোটেও স্বাভাবিক নয়, মন্ত্রিপরিষদের জন্যও নয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সুখকর নয়।”
তিনি জঙ্গি হামলায় স্বজন হারানো ইসরায়েলি পরিবারগুলোর দিকেই ইঙ্গিত করেন।
নেতানিয়াহু বলেন, “এমন কিছু সময় আসে, যখন জাতীয় স্বার্থে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এটি এমনি একটি মুহূ্র্ত।”
ইসরাইলের আইনমন্ত্রী সিপি লিভনি ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনায় তার দেশের প্রতিনিধিত্ব করবেন।
বৈঠকে তিনি বলেন, “আজকের এই সিদ্ধান্ত ইসরাইলের শান্তি প্রক্রিয়া, নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
