সেনা অভিযানে নিহত ৬৫ : মিশর স্বাস্থ্যমন্ত্রণালয়
নিরাপত্তা বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বহু সমর্থক নিহত হওয়ার পর কঠোর অবস্থান থেকে সরে আসার জন্য মিশরের প্রতি আহ্বান জানিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। অপরদিকে সেনা অভিযানে ৬৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্যমন্ত্রণালয়।
এই অভিযানের মধ্য দিয়ে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে মিশরের রাজনৈতিক উত্তেজনা বিপদজনক দিকে মোড় নিয়েছে।
রোববার ভোররাতেও রাজধানী কায়রোর উত্তরপূর্বাঞ্চলের রাবা আল-আদাবিয়া মসজিদ প্রাঙ্গণে কয়েক হাজার ব্রাদারহুড সমর্থক অবস্থান নিয়ে ছিল। মসজিদ প্রাঙ্গণ না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা।
৩ জুলাই সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এই মসজিদ প্রাঙ্গণে অবস্থান নিয়ে টানা ২৫ দিন ধরে সেনাবাহিনী ও অন্তবর্তী সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে আসছে মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা।
এদের সরাতে শনিবার ভোররাতে মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে শতাধিক মানুষ নিহত ও এক হাজারের বেশি আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবী করে।
অভিযানে ৬৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্যমন্ত্রণালয়, আরো ৬১ জনকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে মুসলিম ব্রাদারহুড।
